নির্বাচন কমিশন গঠনে মনোনীত ব্যক্তিদের নাম দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো আরও দুই দিন সময় পাচ্ছে। গতকাল রোববার অনুসন্ধান কমিটির সভায় নাম দেওয়ার সময় দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল ছিল নাম জমা দেওয়ার শেষ সময়। গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্ট ভবনের সম্মেলন কক্ষে অনুসন্ধান কমিটির সভা হয়। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম সভায় অংশ নেন। সভা শেষে আহমেদ আতাউল হাকিম সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে নাম দেওয়ার জন্য আরও দুই দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ৩১ জানুয়ারি বিকেল চারটা পর্যন্ত নাম জমা দেওয়া যাবে।’ অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত যেসব নাম জমা পড়েছে, সেগুলো অনুসন্ধান কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। তবে সময়স্বল্পতা ও দুই দিনের সাপ্তাহিক ছুটির কারণে এখন পর্যন্ত অনেক রাজনৈতিক দল নাম জমা দিতে পারেনি। ২৫ জানুয়ারি অনুসন্ধান কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হয়। কেবল রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিটি পাঁচজনের নাম দিতে পারবে। অনুসন্ধান কমিটিও নিজ বিবেচনায় যোগ্য ব্যক্তিদের নাম সংগ্রহ করবে।