অনুসন্ধান প্রতিবেদন হাতে পেলে পদ্মা সেতু নিয়ে সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগের অনিয়ম নিয়ে অনুসন্ধান প্রতিবেদন ডিসেম্বরে হাতে পেয়ে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।এদিকে গতকাল দুদক হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এঁরা হলেন সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) সবিতা সিরাজ, আনম মাসরুল হুদা সিরাজী ও বরখাস্ত হওয়া সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশরাফ আলী পাটোয়ারী।তদন্তকারী দলের প্রধান ও দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘সোনালী ব্যাংকের ওই সব কর্মকর্তাকে এখন গ্রেপ্তার করা হবে না। তদন্তের স্বার্থে দুদক যাদের প্রয়োজন মনে করবে, কেবল তাদেরকেই গ্রেপ্তার করবে।’ তিনি জানান, দুদক জিএম ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান এবং সোনালী ব্যাংক ও ধানমন্ডি শাখার বর্তমান জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ডাকবে।হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় গতকাল জনতা ব্যাংকের আরও ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এঁরা হলেন: করপোরেট শাখার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, দিলকুশা শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আবুল হাশেম ভূঁইয়া ও কর্মকর্তা নরেশ চন্দ্র দাস, স্থানীয় শাখা কার্যালয়ের ব্যবস্থাপক (ম্যানেজার) মোস্তফা কামাল, জনতা ভবন করপোরেট শাখার নির্বাহী কর্মকর্তা জিনিয়া জেসমিন ও ব্যবস্থাপক (ম্যানেজার ও এসপিও) ফয়জুর রহমান।