নওগাঁর মান্দায় নিপাহ ভাইরাসে আক্রান্ত এলাকা পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের পাঁচ সদস্যের একটি অনুসন্ধানী দল। দলটি উপজেলার ভালাইন গ্রামে মারা যাওয়া দুই শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। রক্তের নমুনা সংগ্রহ করেছে শিশু দুটির সংস্পর্শে থাকা ৪২ জনের।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অনুসন্ধানী দলকে আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত ওই এলাকা পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক শহিদ মো. সাদিকুল ইসলাম, আইইডিসিআরের চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এফইডিসিআর রেসিডেন্ট রাবেয়া সুলতানা, আইসিডিডিআরবির চিকিৎসা কর্মকর্তা কাজী মনিসুল ইসলাম ও আইসিডিডিআরবির সিনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কামাল হোসেন। এ সময় রাজশাহীর রোগ নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক ইজাহারুল ইসলাম ও নওগাঁর সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেনও উপস্থিত ছিলেন।
রাত সাতটার দিকে মৃত হাফিজুলের বাড়ি উপজেলার বালুবাজার গ্রামে অবস্থানকাল অনুসন্ধানী দলের প্রধান শহিদ মো. সাদিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিপাহ ভাইরাসেই তিনজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। খেজুরের কাঁচা রস, বাদুড়সহ বিভিন্ন প্রজাতির পাখির খাওয়া ফলমূল না খাওয়ার পরামর্শ দেন তিনি।
নওগাঁর সিভিল সার্জন মোজাহার হোসেন জানান, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনজনের পরিবারসহ আশপাশের ৪২ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী তিন সপ্তাহ তাঁরা স্থানীয় চিকিৎসা দলের পর্যবেক্ষণে থাকবেন।
গত ২২ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত উপজেলার ভালাইন ও বালুবাজার গ্রামে খেজুরের রস পান করে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়।