শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী বাকাকুড়া গ্রামের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় গোলাবারুদ উদ্ধারের ঘটনায় থানায় কোনো মামলা বা কেউ আটক হয়নি। উদ্ধার করা গোলাবারুদ ও কাগজপত্র বাংলাদেশ রাইফেলসের ৪৫ ব্যাটালিয়নের (বিডিআর) ময়মনসিংহ সেক্টর কমান্ডারের কার্যালয়ে রয়েছে। বিডিআর ও প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এসব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করছেন। এদিকে গতকাল রোববার দুপুরে ঝিনাইগাতী উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় গোলাবারুদ উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে। তবে উদ্ধার করা এসব গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার হতে পারে বলে স্থানীয় সূত্রগুলো ধারণা করছে। গতকাল বিকেলে শেরপুর জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী বাকাকুড়া গ্রামের ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ঝিনাইগাতীর কালঘোষা পাহাড়ী নদীপারের একটি টিলার ঝোপজঙ্গলে কে বা কারা দুটি ব্যাগে বিপুল পরিমাণ গোলাবারুদ ও কাগজপত্র ফেলে রেখে যায়, যা গত শনিবার সকালে বিডিআরের সদস্যরা উদ্ধার করেন।ঘটনাস্থলসংলগ্ন পূর্ব বাকাকুড়া গ্রামের সোহরাব আলী বলেন, গত শনিবার সকালে বিডিআরের সদস্যরা তাঁদের গ্রামে আসেন। এরপর তাঁরা জঙ্গল থেকে একটি ছালার বস্তা ও একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করেন। ওই সময় আশপাশের অনেক লোক এসে জড়ো হয়। সংবাদ পেয়ে ঝিনাইগাতীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ইউসুফ হারুনও ঘটনাস্থলে আসেন। পরে বিডিআর ব্যাগগুলো খুললে দেখা যায় সেখানে অনেক গোলাবারুদসহ বিপুল পরিমাণ কাগজপত্র। পরে বিডিআরের সদস্যরা সেগুলো তাঁদের ক্যাম্পে নিয়ে যান। এ প্রসঙ্গে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ারুল্লাহ বলেন, উদ্ধার করা এসব গোলাবারুদ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার হতে পারে। দীর্ঘদিন ধরে উলফার লোকজন গারো পাহাড়ের এসব এলাকায় আস্তানা তৈরি করলেও বর্তমান সরকার কঠোর অবস্থান নেওয়ায় তারা এখানে টিকতে পারছে না। এসব ঘটনায় তাঁর ইউনিয়নের কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে দৃষ্টি রাখার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।অপর দিকে ৪৫ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর শাহেদ মেহের গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত শনিবার উদ্ধার করা গোলাবারুদ ও বিপুল পরিমাণ কাগজপত্র বর্তমানে ময়মনসিংহ সেক্টর কমান্ডারের কার্যালয়ে রাখা আছে। বিডিআর ও ডিজিএফআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব কাগজ পরীক্ষা করেছেন। কাল (আজ) সোমবার উদ্ধার করা এসব সামগ্রী ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে মামলা করার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার করা সামগ্রী উলফার কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঝিনাইগাতীর সীমান্তবর্তী বাকাকুড়া গ্রামের গারো পাহাড়ের জঙ্গল থেকে গত শনিবার সকালে বিডিআরের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় সাতটি ‘মাইন জাতীয় বিস্ফোরক’, একটি গ্রেনেড, ৯৭টি গুলি, ভারতীয় রুপি, মোবাইল ফোনসেট, সিম, ভিডিও সিডি, ওয়াকিটকি, মেশিনগানের গুলি রাখার বেল্টসহ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন সংযুক্ত মুক্তিবাহিনী আসামের (উলফা) বিপুল পরিমাণ সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করে।