অনুসারীর কাছে অপমানিত হয়ে দিয়াজ 'আত্মহত্যা' করতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী আত্মহত্যা করেছেন। প্রেমিকার সঙ্গে সম্পর্কচ্ছেদ ও দুই অনুসারীর কাছে অপমানিত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু। তিনি দিয়াজ হত্যা মামলার অন্যতম আসামি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হলেও কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ও তাঁর অনুসারীরা উপস্থিত ছিলেন না।
গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলমগীর টিপু। তাতে বলা হয়, ‘একটি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে পাওয়া ২৫ লাখ টাকার ভাগ দিতে দেরি হওয়ায় দিয়াজের অনুসারী মামুন ও নাজিম তাঁকে মারধর করেন। এ অপমান সইতে না পেরে দিয়াজ ইরফান চৌধুরী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. মামুন ও নাজিম উদ্দিন। তাঁরা প্রথম আলোকে বলেন, দিয়াজের হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য হত্যা মামলার আসামিরা ষড়যন্ত্র করে চলেছেন। ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাঁরা দিয়াজের পরিবার ও অনুসারীদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ করছেন। এরই ধারাবাহিকতায় এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘দিয়াজ বিয়ে করেন ২০১০ সালে। ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি তাঁর স্ত্রী তাঁকে তালাক দেন। এরপর এক ছাত্রলীগ নেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। তাঁর মৃত্যুর আগ থেকে তাঁর সঙ্গে টানাপোড়েন শুরু হয়। ১৯ নভেম্বর রাত ১১টায় ছাত্রলীগ নেত্রীকে নিয়ে ভাটিয়ারীর পথে রওনা দেন। ওই রাতেই তাঁদের সম্পর্কে ফাটল ধরে। এ ঘটনাটিও তাঁর আত্মহত্যার কারণ হতে পারে।’
এদিকে দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী বলেন, দিয়াজের হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দিতে ও দ্বিতীয় ময়নাতদন্তকে বাধাগ্রস্ত করতে আলমগীর টিপু এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনেছেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা যে বক্তব্য দিয়েছেন, এ ধরনের কিছুই ঘটেনি। তাঁদের বক্তব্য শুনে তো মনে হয় তাঁরা দিয়াজের হত্যার বিষয়ে সবকিছুই জানেন। তাঁদের গ্রেপ্তার করলেই দিয়াজ হত্যার আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব।
জুবাঈদা ছরওয়ার চৌধুরী আরও বলেন, দিয়াজের বিয়ে নিয়ে তাঁরা (আলমগীর টিপু) যে বক্তব্য দিয়েছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভুয়া। দিয়াজ কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পাওয়ার আগেও তাঁর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. মনছুর আলম, রূপু আহসান, সাখাওয়াত হোসেন রায়হান, আবদুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস, দপ্তর সম্পাদক রায়হান মাহমুদ।