অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার সাইফকে নিজ গ্রামে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল সকালে অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ ও তাঁর মাকে সংবর্ধনা দেওয়া হয় l ছবি: প্রথম আলো
ফেনীর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল সকালে অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ ও তাঁর মাকে সংবর্ধনা দেওয়া হয় l ছবি: প্রথম আলো

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ উদ্দিনকে গতকাল শুক্রবার ফেনীতে তাঁর নিজ গ্রামে ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সাইফের বাড়ি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। গতকাল বিকেলে গ্রামের বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাইফ উদ্দিন বলেন, ‘আমার জন্মস্থান ফেনী ও নিজ গ্রামে যে অনুপ্রেরণা ও ভালোবাসা পেয়েছি, তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি মজিবুল হক। অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন। বক্তব্য দেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান, ইউপি সদস্য গুলশান আরা, শাহ আলম।
এর আগে গতকাল সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সাইফ উদ্দিন ও তাঁর মাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক। বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার আমিরুল আলম, শাহরিয়ার আলম, ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ ও সাইফের মা জোহরা বেগম।
সংবর্ধনা সভায় সাইফ বলেন, শুধু ফেনী নয়, বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও ভালো খেলার চেষ্টা করবেন তিনি।