অনেক অর্জন সত্ত্বেও মানুষ রাজনীতি নিয়ে হতাশ
স্বাধীনতা অর্জনের ৪০ বছরে আমাদের অনেক অর্জন থাকলেও রাজনীতি নিয়ে মানুষ সবচেয়ে বেশি হতাশ। রাজনৈতিক দলগুলোর পরস্পরের মধ্যে আস্থাহীনতার কারণে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী এগোতে পারছে না।স্বাধীনতার ৪০ বছর পূর্তি এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে আয়োজিত উন্নয়নকর্মীদের মিলনমেলার দ্বিতীয় দিনে রাজনীতিবিদেরা এসব কথা বলেছেন। ‘স্বাধীনতাত্তোর ৪০ বছরের অর্জন ও সম্ভাবনা: রাজনীতিবিদদের ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনা গতকাল রোববার অনুষ্ঠিত হয়।সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী ছাড়া দেশের প্রায় সব প্রধান রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। অধ্যাপক দিলারা চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৪০ বছরে বাংলাদেশের অনেক অর্জন আছে। জনসংখ্যা দ্বিগুণের বেশি বাড়লেও মানুষ তিন বেলা খেতে পারছে, মাতৃমৃত্যু কমেছে।রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর সঠিক দিকনির্দেশনার অভাবে দেশ সঠিক পথে এগোতে পারেনি। বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা ও একদলীয় শাসনের কারণে গণতন্ত্রের পথচলা বাধাগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে দাম্ভিকতা বড় ক্ষতির কারণ। অনেক বেশি আসন পেয়ে সবকিছুকে তুচ্ছজ্ঞান করা ঠিক নয়। ক্ষমতায় গেলে রাজনীতিবিদদের চোখে একটা বড় কালো দেয়াল তুলে দেওয়া হয়। ফলে জনগণকে দেখা যায় না। তিনি রাজনীতিবিদদের এ কালো চশমা খোলার আহ্বান জানান।ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন রাজনৈতিক সংকটের কারণে সংসদকে কার্যকর করা যাচ্ছে না মন্তব্য করে বলেন, গণতান্ত্রিক শক্তির বিকাশে রাজনৈতিক দলগুলোকে আরও জোরালো ভূমিকা নিতে হবে। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা খারাপ উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে এ সংকট দ্রুতই কেটে যাবে।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, সীমান্তে মানুষ হত্যা বেড়েছে। দেশের পররাষ্ট্রনীতি মর্যাদাশীল হওয়ায় এমনটি ঘটছে। বর্তমান সংকট নিরসনে জাতীয় ঐকমত্যের সরকার দরকার বলে মত দেন তিনি। জাসদ নেত্রী শিরিন আক্তার বলেন, দেশে একধরনের সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। আগামী সংসদ নির্বাচনে এ সংকট বড় আকারে দেখা দিতে পারে। রাজনৈতিক দলগুলোকে এ সংকট উত্তরণের পথ খুঁজে বের করতে হবে।মেজর (অব.) আবদুল মান্নান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির (এরশাদ) কাজী জাফর আহমদও এতে বক্তব্য দেন।এর আগে ‘বিদেশি বন্ধুদের চোখে বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্রের ৪০ বছর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্যালি বাখম্যানের সঞ্চালনায় যুক্তরাষ্ট্রের স্টিভ মিনকিন, যুক্তরাজ্যের জুলিয়ান ফ্রান্সিসসহ বেশ কয়েকজন বিদেশি অতিথি এতে অংশ নেন। পরে উন্নয়ন দর্শন ও অভিজ্ঞতা: প্রাসঙ্গিক ভাবনা ও পর্যালোচনা, সর্বক্ষেত্রে বাংলা ভাষার অনুশীলন, বাংলাদেশের অগ্রগতিতে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের অর্জন ও চ্যালেঞ্জ, বাংলাদেশের ক্ষুদ্র ও মৌসুমি ঋণের অর্জন ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।