
প্রথম আলো: দেশের আবাসন খাতের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে বলুন।
লিয়াকত আলী ভূঁইয়া: আবাসন খাত একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা যুক্তরাষ্ট্রের দিকে তাকালেই বোঝা যায়। যুক্তরাষ্ট্রে আবাসন খাতে ধস নামার পর সে দেশের পুরো অর্থনীতিতেই ধস নামে। একইভাবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি যে চাঙা হচ্ছে, তার মূলেও আছে আবাসনব্যবসা চাঙা হওয়া। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গৃহায়ণশিল্প ১২ থেকে ১৫ শতাংশ ভূমিকা রাখে। এ খাতে ৩০ লাখ দক্ষ ও অদক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশে আবাসন খাতের সঙ্গে সম্পর্কিত রড, সিমেন্ট, কেব্লস ও ইলেকট্রিক ওয়্যার, রং, টাইলস, স্যানিটারিসহ ২০০-এর বেশি পশ্চাদমুখী শিল্প গড়ে উঠেছে। আবাসন খাত সামান্য ব্যর্থ হলেই এ খাতগুলোও নাজুক হয়ে পড়ে। প্রতিবছর প্রবাসীদের একটি বড় অংশ দেশে ফ্ল্যাট কেনে। এখন আমরা না থাকলে এই টাকাটা দেশে আসত না। এই টাকাগুলো পাচার হয়ে চলে যেত মালয়েশিয়ার ‘সেকেন্ড হোম’-এ এবং ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে। এমনকি দুবাই ও সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে বলে জানা গেছে।
প্রথম আলো: দেশের আবাসন খাতে রাজনৈতিক অস্থিরতার কতটা নেতিবাচক প্রভাব পড়েছে?
লিয়াকত আলী ভূঁইয়া: গত বছর রাজনৈতিক অস্থিরতায় এ খাতের মারাত্মক ক্ষতি হয়ে গেছে। প্রথমত, নির্মাণসংক্রান্ত ক্ষতি। দেশের বিভিন্ন স্থান থেকে নির্মাণসামগ্রী আনা যায়নি। অন্যদিকে এসব পণ্যের দামও বেড়ে যায়। সে কারণে নির্মাণকাজও আটকে থাকে। ফলে চুক্তির শর্ত অনুযায়ী, অনেক ফ্ল্যাট ক্রেতার কাছে হস্তান্তর করা যায়নি। দ্বিতীয়ত, বিক্রয়জনিত ক্ষতি। অনিশ্চয়তার কারণে যারা নতুন ফ্ল্যাট কিনতেন, তাঁরা ফ্ল্যাট কেনা থেকে বিরত থেকেছেন। শীতকালে মানুষ ফ্ল্যাট কেনে বলে আমরা সব সময় ডিসেম্বরে মেলার আয়োজন করি। কিন্তু গত বছর ডিসেম্বরে আমরা মেলাই করতে পারিনি। ২০১২ সালের মেলায় ৬০০ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি হয়। গত বছর এই পুরো টাকাটাই বঞ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। ওই মেলা আমরা এখন আয়োজন করছি।
প্রথম আলো: আবাসন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ক্রেতাদের তো নানা অভিযোগ। এ বিষয়ে কী বলবেন?
লিয়াকত আলী ভূঁইয়া: সারা দেশে দুই হাজার ৮০০ আবাসন প্রতিষ্ঠান আছে। এর মধ্যে এক হাজার ২১৬টি প্রতিষ্ঠান রিহ্যাবের সদস্য। আবাসন প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে যত অভিযোগ ওঠে, তার বেশির ভাগই হলো রিহ্যাবের সদস্য নয়—এমন প্রতিষ্ঠানগুলোর। রিহ্যাবের একটি ‘কাস্টমার কেয়ার ও মেডিয়েশন সেল’ আছে। ২০১০ সাল থেকে এটি কাজ করছে। এখানে ১০০টি অভিযোগ এলে ৯০টিরই মীমাংসা হয়ে যায়। বাকি ১০টি মীমাংসা হয় না।
প্রথম আলো: আপনারা বারবারই আবাসন খাতে কালোটাকার বিনিয়োগ চান। এবারও চাইছেন। এতে কোনো লাভ হয়?
লিয়াকত আলী ভূঁইয়া: গত অর্থবছর সরকার যখন অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেয়, আমরা তখন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিলাম। তবে এর তেমন প্রভাব আবাসন খাতে পড়েনি। ২০১৩ সাল নির্বাচনের বছর থাকায় সারা বছরই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে। সে কারণে সরকারের দেওয়া এ সুযোগ কাজে লাগাতে পারেননি ব্যবসায়ীরা। আমরা কালোটাকার বিনিয়োগকে উৎসাহিত করি না। আমাদের চাওয়া বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের জন্য সুযোগ থাকা। এক বছরের জন্য এই সুযোগ দিলে তাতে ফল আসে না। সে কারণে আমরা পাঁচ বছরের জন্য এ সুযোগ চেয়েছি। নইলে তাদের এই টাকাটা বিদেশে পাচার হয়ে যাবে। ‘সেকেন্ড হোমের’ নামে অর্থ পাচার বন্ধ করতে এই সুযোগ অব্যাহত রাখা উচিত সরকারের।
সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত