অনেক আশার সফর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মতো আজ শনিবার সকালে ঢাকায় আসছেন। তাঁর দুই দিনের সফরকে ঘিরে দুই দেশেই উচ্চাশা সৃষ্টি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মনে করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
দিল্লিতেও এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর বলেছেন, সব দিক থেকেই নরেন্দ্র মোদির এই সফর ঐতিহাসিক হতে চলেছে। এ সফরের কেন্দ্রবিন্দু সীমান্ত চুক্তি সহযোগিতা ও শুভেচ্ছার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসছেন। ঢাকা সফরে মোদি ৮১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তাঁদের মধ্যে থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর।
মোদি ঢাকায় আসার এক সপ্তাহ আগেই নিশ্চিত হয়ে গেছে যে এখনই তিস্তা চুক্তি সই হচ্ছে না। তবে অভিন্ন নদীটির পানি বণ্টন চুক্তি দ্রুত সইয়ের বিষয়ে যৌথ ঘোষণায় ভারতের প্রতিশ্রুতি আদায় করতে আগ্রহী বাংলাদেশ। এ নিয়ে চলছে শেষ মুহূর্তের দর-কষাকষি। সীমান্ত চুক্তি নিয়ে মোদির আশ্বাসে ভরসা রেখেছে বাংলাদেশ। তিস্তা নিয়েও একই পথে হাঁটার পক্ষপাতি বাংলাদেশ।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলো গতকাল প্রথম আলোকে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর দুই দিনের ঢাকা সফরের সময় বাংলাদেশের পক্ষ থেকে অভিন্ন নদীর পানি বণ্টন ব্যবস্থাপনার পাশাপাশি যোগাযোগ বা কানেকটিভিটি জোরদার করা ও নিরাপত্তা সহযোগিতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আর ভারতের পক্ষ থেকে যোগাযোগের পাশাপাশি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার ওপরই বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গত বৃহস্পতিবারের জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার ওপর যে তাগিদ থাকবে, সেটি বলাই বাহুল্য।
এ বিষয়গুলোর পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশে ভারতের বিনিয়োগ সুগম করতে দুটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। যোগাযোগ অবকাঠামো ও সামাজিক খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে নতুন করে ২০০ কোটি ডলারের ঋণ-সহায়তা দেবে ভারত।
গতকাল দায়িত্বশীল সরকারি সূত্রে জানা গেছে, শেখ হাসিনা-নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকের পর যৌথ ঘোষণায় এ বিষয়গুলোর কথা উল্লেখ থাকছে। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই শীর্ষ নেতার বৈঠক শেষ হলেও যৌথ ঘোষণা কাল রোববার প্রচার করা হবে। যৌথ ঘোষণায় ৬০টির বেশি দফা অন্তর্ভুক্ত থাকতে পারে।
সীমান্ত চুক্তি নিয়েই খুশি!: বাংলাদেশের অনুসমর্থনের ৪১ বছর পর সীমান্ত চুক্তি অনুমোদন করেছে ভারত। গত মাসের শুরুতে ভারতের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট লোকসভা ও রাজ্যসভায় ’৭৪-এর সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নের জন্য ভারতের সংবিধান সংশোধনী বিল সর্বসম্মতভাবে পাস হয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের সরকার প্রটোকলটি সই করলেও বিজেপিসহ অন্য বিরোধী দলগুলোর বিরোধিতায় সংবিধান সংশোধনী বিল পাস হয়নি। গত মে মাসে ক্ষমতায় আসার এক বছরের মাথায় বিজেপি সরকার এটি পাস করেছে। অথচ এবারও এটি অনুমোদনের আগে অনেক টালবাহানা করেছিল ক্ষমতাসীন বিজেপি। বিধানসভার নির্বাচন সামনে রেখে আসাম রাজ্য বিজেপি এটির বিরোধিতা করেছিল। তাই আসামকে বাদ দিয়েই বিলটি পাস করার চেষ্টা করেছিল মোদির সরকার। ঢাকাকেও আংশিকভাবে বিষয়টির সমাধান মেনে নিতে অনুরোধ জানিয়েছিল দিল্লি। কিন্তু কংগ্রেসের চাপে হার মানে বিজেপি। শেষ পর্যন্ত আসামকে নিয়েই বিলটি পাস হয়েছে। আর এতেই বেশ খুশি বাংলাদেশ।
ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় তিস্তার সুরাহা এবারের বৈঠকে হচ্ছে না। এটিকে ব্যর্থতা হিসেবে দেখেন কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল সকালে তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘আমরা সেটা মনে করি না। ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। শিগগিরই আরও ৬০০ মেগাওয়াট আমদানি করা হবে। সুতরাং এটি ঠিক নয় যে আমরা কিছুই পাচ্ছি না। আমাদের নেওয়ার মানসিকতা থাকতে হবে।’
মাহমুদ আলী বলেন, কোনো কিছুই রাতারাতি হয় না। ৪১ বছর পর স্থল সীমানা সমস্যার সমাধান হয়েছে। এটি একটি ঐতিহাসিক ঘটনা। এগুলো উপেক্ষা করে যেগুলো হয়নি সেগুলো নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। কূটনৈতিক তৎপরতা উন্মুক্তভাবে হয় না। অনেক কিছুই চোখের আড়ালে হয়। তিস্তা চুক্তি নিয়েও চোখের আড়ালে আলোচনা চলছে। চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছানো গেলেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আলোচনায় ঠিক হবে মাশুল: বাংলাদেশ ও ভারত তৃতীয় দেশে পণ্য পরিবহনের জন্য আলোচনার মাধ্যমে মাশুল ও সার্ভিস চার্জ নির্ধারণে রাজি হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ও নৌ প্রটোকলে এই সংশোধনী যুক্ত করা হয়েছে। কিন্তু বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহনে মাশুলের কী হবে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাশুল নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটি পরে আলোচনা করে বিস্তারিত ঠিক করা হবে।
এ বিষয়ে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, পণ্য ও সেবা পরিবহনের জন্য কী হারে মাশুল নেওয়া হবে, সেটি আলোচনার মাধ্যমে দুই দেশ ঠিক করবে।
যা সই হতে যাচ্ছে: দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের পর প্রায় ২০টির মতো চুক্তি, সমঝোতা স্মারক, প্রটোকল ও সম্মতিপত্র সইয়ের কথা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নবায়ন, উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি, অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রটোকল, পণ্যের মান নিয়ন্ত্রণ বিষয়ে বিএসটিআই ও বিআইএসের মধ্যে সহযোগিতা চুক্তি, ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিসের চুক্তি ও প্রটোকল, কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিসের চুক্তি ও প্রটোকল, বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের মধ্যে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ), মানব পাচার রোধবিষয়ক এমওইউ, জাল নোট রোধবিষয়ক এমওইউ, ২০০ কোটি ডলারের ঋণবিষয়ক এমওইউ, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে সামুদ্রিক অর্থনীতির সহযোগিতাবিষয়ক এমওইউ, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারবিষয়ক এমওইউ, আখাউড়ায় ইন্টারনেটের আন্তর্জাতিক ব্যান্ডউইথ লিজ বিষয়ে বিএসএনএল ও বিএসসিসিএলের মধ্যে এমওইউ, বাংলাদেশে লাইফ ইনস্যুরেন্স করপোরেশনের (এলআইসি) কার্যক্রম শুরু নিয়ে সম্মতিপত্র, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি।
সফরসূচি: ভারতীয় বিমানবাহিনীর একটি বোয়িং বিজনেস জেটে আজ সকাল ১০টার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন নরেন্দ্র মোদি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে শীর্ষ বৈঠক করবেন। শীর্ষ বৈঠকের আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিস ও কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিসের উদ্বোধন করবেন। এরপর দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী একান্তে কথা বলবেন। তাঁদের আলোচনা শেষে সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময় হবে। এরপর দুই প্রধানমন্ত্রী দুই দেশের আনুষ্ঠানিক বৈঠক করবেন। আনুষ্ঠানিক আলোচনার পর বিভিন্ন প্রকল্পের ফলক উন্মোচন শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি, সমঝোতা স্মারক, প্রটোকল ও সম্মতপত্র সই হবে। দুই প্রধানমন্ত্রীর বক্তৃতার পর শেষ হবে আনুষ্ঠানিক বৈঠকের অনুষ্ঠান। রাতে হোটেল সোনারগাঁওয়ে তাঁর সম্মানে শেখ হাসিনার দেওয়া নৈশভোজে যোগ দেবেন নরেন্দ্র মোদি।
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হবে নরেন্দ্র মোদির দ্বিতীয় দিনের কার্যসূচি। এরপর তিনি যাবেন রামকৃষ্ণ মিশনে। সেখান থেকে তাঁর পরবর্তী গন্তব্য বারিধারা কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি। সেখানে তিনি চ্যান্সেরির উদ্বোধন করবেন। দুপুরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে রাষ্ট্রপতির কাছ থেকে বাজপেয়ির পক্ষে নরেন্দ্র মোদি স্বাধীনতা সম্মাননা গ্রহণ করবেন। এরপর রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্ন ভোজ সারবেন মোদি।
বিকেলে নরেন্দ্র মোদির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে জনবক্তৃতা দেবেন। বক্তৃতা অনুষ্ঠান শেষে সরাসরি বিমানবন্দরে গিয়ে দিল্লির পথে যাত্রা করবেন ভারতের প্রধানমন্ত্রী।