অনেক এলাকায় গ্যাসের স্বল্পচাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অনেক এলাকায় বিশেষ করে পুরান ঢাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা চলছে। কোনো কোনো এলাকায় সকাল আটটা থেকে টানা সাত-আট ঘণ্টা চুলায় আঁচ প্রায় থাকছেই না। পুরান ঢাকার তাঁতীবাজারের কিছু অংশ, রাজার দেউড়ি, গোয়ালনগর ও আশপাশের এলাকা, ঢালকানগর, হাজারীবাগে এই সমস্যা বেশি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, পুরান ঢাকা, ধানমন্ডি, শেখেরটেক ও মিরপুরের কিছু এলাকায় গলির প্রান্তসীমার বাড়িগুলোতে (পকেট এলাকায়) সরু পাইপের কারণে গ্যাসের স্বল্পচাপ থাকছে। আঞ্চলিক কার্যালয়ে কেউ লিখিতভাবে, কেউ টেলিফোনে এ নিয়ে অভিযোগ করছেন।
রাজার দেউড়ির ব্যবসায়ী অরুণ ঘোষ বলেন, শীত হতে না-হতেই সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত চুলা জ্বলছে টিম টিম করে। চুলার ওপর কাঠ বা লাকড়ি দিয়ে আগুন জ্বেলে রান্না করতে হচ্ছে তাঁর স্ত্রীকে। তিনি প্রশ্ন করেন, প্রতিবছর এ ধরনের সমস্যা কি এলাকাবাসীর নিয়তি?
একই সমস্যা পানিটোলা, গোয়ালনগর, তাঁতীবাজারের কিছু অংশে। বাসিন্দাদের অনেকেই বাধ্য হয়ে বিদ্যুৎ-চালিত রাইস কুকার ও হিটার ব্যবহার করছেন। তবে এতে বাড়তি বিদ্যুৎ বিল গুনতে হবে বলে তাঁরা জানান। কারও কারও বক্তব্য হচ্ছে, গ্যাসের বিল দিতে দেরি হলে তিতাসের লোক এসে শাসিয়ে যান। কিন্তু গ্যাসের সমস্যা জানানোর জন্য তাঁদের খুঁজে পাওয়া যায় না।
স্বল্পচাপ সমস্যা ছাড়াও নগরের কোথাও কোথাও অন্য কারণেও গ্যাস থাকছে না। গতকাল শনিবার তিতাসের জরুরি নিয়ন্ত্রণকক্ষে ধানমন্ডি, কমলাপুরসহ চারটি এলাকা থেকে লাইনে ছিদ্র হওয়ার অভিযোগ এসেছে। জরুরি নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা বলেন, পুরান ঢাকার কিছু এলাকা থেকে স্বল্পচাপজনিত সমস্যারও অভিযোগ এসেছে।