অনেক কমিউনিটি ক্লিনিকে মানুষ সেবা পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণ, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) আজ বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। ‘দাবি আদায় বাস্তবায়ন কমিটি’র ডাকা কর্মসূচির কারণে দেশের বহু কমিউনিটি ক্লিনিকে মানুষ সেবা পায়নি বলে জানা গেছে।

আজ বিভিন্ন এলাকা ঘুরে প্রথম আলোর প্রতিনিধিরা দেখেছেন, অনেক জায়গায় কমিউনিটি ক্লিনিক বন্ধ ছিল। কিছু জায়গায় সিএইচসিপিরা উপস্থিত থাকলেও কোনো সেবা তাঁরা দেননি।

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি জানিয়েছেন, উপজেলার ২৬টি কমিউনিটি ক্লিনিকে আজ কাউকে সেবা দেওয়া হয়নি। অনেক ক্লিনিকে ভিড় দেখা গেলেও সেবা না পেয়ে মানুষ ফিরে যান।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি। সারা দেশে ১৩ হাজার ১২৬টি কমিউনিটি ক্লিনিক চালু আছে।

প্রকল্পের প্রধান সমন্বয়কারী মাখদুমা নার্গিস প্রথম আলোকে বলেন, ‘চাকরি জাতীয়করণ বা রাজস্ব খাতে নেওয়া হঠাৎ করে সম্ভব না। এটা দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। সেই প্রক্রিয়া চলমান আছে। কর্মবিরতির ঘোষণা থাকলেও দেশের বহু কমিউনিটি ক্লিনিক খোলা ছিল, মানুষ সেবা পেয়েছে।’

দাবি আদায় বাস্তবায়ন কমিটি চাকরি জাতীয়করণ, বেতন বৃদ্ধি, গত বছর মৃত্যুবরণকারী নয়জন সিএইচসিপির পরিবারকে আর্থিক সহায়তা দানসহ বিভিন্ন দাবিতে ১৪ ফেব্রুয়ারি থেকে নানা কর্মসূচি পালন করছে। গত মাস থেকে তাঁরা উপজেলা পর্যায়ের মাসিক সমন্বয় সভায় যোগদান করা বন্ধ করেছেন। ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে অনলাইনে যে রিপোর্ট পাঠাতেন, তাও তাঁরা গত মাস থেকে পাঠাচ্ছেন না।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২৫টি, কিশোরগঞ্জের নিকলী উপজেলার ১৬টি ও তাড়াইল উপজেলার ২১টি, নড়াইলের একাধিক উপজেলার ৩০টি কমিউনিটি ক্লিনিকে মানুষ কোনো সেবা পায়নি বলে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন।