অনেক কষ্টে আছে সাফির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াই বছরের শিশু সাফিরের কান্না থামানোর চেষ্টা করছেন তার বাবা-মা। গত ১৮ জানুয়ারি রোববার রাতে নারায়ণগঞ্জ শহরে বাসে পেট্রলবোমায় দগ্ধ হয় সে। ওই ঘটনায় তার চিকিৎসক মা-বাবাও আহত হন। ফাইল ছবি
আড়াই বছরের শিশু সাফিরের কান্না থামানোর চেষ্টা করছেন তার বাবা-মা। গত ১৮ জানুয়ারি রোববার রাতে নারায়ণগঞ্জ শহরে বাসে পেট্রলবোমায় দগ্ধ হয় সে। ওই ঘটনায় তার চিকিৎসক মা-বাবাও আহত হন। ফাইল ছবি

‘সাফির অনেক কষ্ট পাচ্ছে। একটু হাত কেটে গেলে স্যাভলন দিতে গেলেই কেমন লাগে। আর আমার বাচ্চাটার শরীরে এত পোড়া! প্রতিদিন ড্রেসিং করতে হচ্ছে। আইসিইউতে কেউ ঢুকলেই ভয় পায়। কান্নাকাটি করে। কাল রাতে অনেক জ্বর ছিল। সারা রাত ঘুমাতে পারেনি। এখনো জ্বর।’
সাফিরের মা চিকিৎসক শারমিন সিদ্দিকা কথাগুলো বলেন। আজ সোমবার বেলা একটার দিকে তিনি বলেন, ‘যে যে ধর্মেরই হোন না কেন, তাঁরা যেন তাঁদের ভাষাতেই আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন।’
আড়াই বছরের সাফির ১৯ জানুয়ারি ২০-দলীয় জোটের ডাকা চলমান অবরোধে রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জ শহরে পেট্রলবোমায় দগ্ধ হয়। তার শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। ঘটনার দিনই সাফিরকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন সাফির তার বাবা-মায়ের সঙ্গে নারায়ণগঞ্জে তার নানার বাড়ি যাচ্ছিল। সাফিরের শরীরের আগুন নেভাতে গেলে তার বাবা সাইফুল ইসলামের হাত পুড়ে যায়। তিনিও পেশায় চিকিৎসক। মা শারমিন সিদ্দিকার কপালে জখম হয়। কপালের খানিকটা ও চোখের কোণ পুড়ে যায়। একটা হাতও ভেঙে যায়। এই দুজনও সিটি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এখন বাবা-মা ভর্তি না থাকলেও চিকিৎসা চলছে এবং তাঁরা সাফিরের পাশেই থাকছেন সারাক্ষণ।
সিটি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিফ কনসালট্যান্ট মো. শহিদুল বারী প্রথম আলোকে বলেন, সাফিরের জ্বর হচ্ছে। কালও জ্বর ছিল। আজ একটু কম। সার্বক্ষণিক তার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। এখন পর্যন্ত তার কোনো ইনফেকশন হয়েছে বলে মনে হচ্ছে না। তবে সাফির সারাক্ষণ খুব আতঙ্কের মধ্যে থাকছে। ঘরে ঢুকলেই চিৎকার করছে। এ কারণে জ্বর হতে পারে অথবা ভাইরাল ফিভারও হতে পারে। তবে সারক্ষণই সে নজরে আছে।