অনেক কষ্টের পর সেই বেদনার কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা নূর নাহার মারা গেছেন, রেখে গেছেন সদ্যোজাত ছেলে সন্তান। বাবার কোলে সেই ছোট্ট শিশু। ছবি: আসাদুজ্জামান
রোহিঙ্গা নূর নাহার মারা গেছেন, রেখে গেছেন সদ্যোজাত ছেলে সন্তান। বাবার কোলে সেই ছোট্ট শিশু। ছবি: আসাদুজ্জামান

অনেক কষ্টের পথ পাড়ি দিয়ে যাওবা তিনি ঠিকানা খুঁজে পেলেন, থিতু হতে পারলেন না। গর্ভে ধারণ করা তাঁর নাড়িছেঁড়া ধন পৃথিবীর আলো দেখতে দেখতে থেমে গেল তাঁর জীবনঘড়ি। মিছে হয়ে গেল নতুন করে বাঁচার স্বপ্নসাধ।
এই দুর্ভাগা রোহিঙ্গা নারী নূর নাহার। সহিংসতা শুরু হলে ৪০ বছরের এই সন্তানসম্ভবা স্বামীর হাত ধরে পালাতে শুরু করেন। মিয়ানমারের মংডুর গারোতবিলের এই বাসিন্দা কয়েক দিন পাহাড়-জঙ্গলের রাস্তায় রাস্তায় হেঁটে বাংলাদেশে আসেন। চার দিন আগে উখিয়ার থ্যাংখালীর পাহাড়ের আশ্রয়কেন্দ্রে একটু জায়গা মেলে। সেখানে ঘর তোলেন স্বামী নুর আলম। মঙ্গলবার রাতে প্রসব বেদনার পর ভোরের আজানের সময় জন্ম দেন ছেলে সন্তানের। কিন্তু থেমে যায় তাঁর নিশ্বাস।

নূর নাহারের সাত দিন সাত রাত কেটেছে পাহাড়-জঙ্গলের রাস্তায় রাস্তায়। একটু হাঁটার পরে আবার জিরিয়ে নিতেন। কষ্টের যাত্রার কিছুটা স্বস্তি মেলে বাংলাদেশে আসার পর। দিন কাটে টেকনাফের রাস্তায়। চার দিন আগে উখিয়ার থ্যাংখালীর পাহাড়ের আশ্রয়কেন্দ্রে একটু জায়গা মেলে। সেখানে স্বামী ঘর তোলেন। মঙ্গলবার রাতে প্রসব বেদনা ওঠে। বুধবার ভোরে ছেলে সন্তানের জন্মের পরই মারা যান। এমন মৃত্যুর জন্য স্বামী নুর আলম পাহাড়ের সেই কস্টের যাত্রাকে দায়ী করছেন। জীবন বাঁচাতে যে যাত্রা ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না। কারণ গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছিল মিয়ানমারের সেনাবাহিনী।

বুধবার সকালে নূর আলমের বাসায় দেখা গেল শোকের মাতম। সদ্য জন্ম নেওয়া শিশুকে কোলে নিয়ে অঝোরে কেঁদে চলেছেন। আর ঘরের মাঝখানে শোয়ানো আছে নূর নাহারের লাশ। কেবল নূর আলম নন, ক্যাম্পের সেখানকার প্রায় সব রোহিঙ্গা নারীপুরুষ কাঁদছেন। তাদের বলতে শোনা যায়, সেনাবাহিনীর সদস্যরা যদি তাদের গ্রামে আগুন না দিত, গুলি করে না মারত, তাহলে আজ তাঁকে এভাবে মরতে হতো না।

নূর নাহারের আরও চার সন্তান রয়েছে। মায়ের মৃত্যুর তারা পর মা মা বলে ডেকে উঠছে, আর কাঁদছে।

নূর আলম জানালেন, দুই দিন আগে তাঁর প্রসব বেদনা শুরু হয়। কিন্তু সঙ্গে টাকাকড়ি নেই। তাই তিনি হাসপাতালেও নিয়ে যেতে পারেননি।

নূর আলমের ঘরে আসা হিফজুর রহমান নামের এক রোহিঙ্গা শরণার্থী বললেন, এমন মৃত্যু কি মেনে নেওয়া যায়?

ফুটফুটে বাচ্চা কোলে নিয়ে নুর আলম বললেন, নূর নাহার আমাকে রেখে কেন চলে গেল? তাঁর বাচ্চারা আর কোনোদিন মা বলে ডাকতে পারবে না। এরপরই আবার হাউমাউ করে কাঁদতে থাকেন।