‘দেশের রাজনীতিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। গত জরুরি অবস্থার সময় আমরা দেশের রাজনীতিতে মাইনাস টু করার প্রক্রিয়া দেখেছি। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, তাতে আরও অনেক কিছু মাইনাস করার আলামত দেখা যাচ্ছে। দেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলতে হবে।’গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরে জেলা সিপিবি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান।যুদ্ধাপরাধীদের বিচার, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও দেশের সম্পদ তেল, গ্যাস ও কয়লা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে এ জনসভার আয়োজন করা হয়।জেলা সিপিবির সভাপতি পরিতোষ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জসীম মণ্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সিপিবির নেতা সুধীন চন্দ্র সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান, তোয়াজ্জেল হোসেন লস্কর প্রমুখ।