অনেক কোচিং বন্ধ, কারও অফিস খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোনো কোচিং সেন্টার বন্ধ রয়েছে। তবে কোথাও কোথাও খোলা থাকতে দেখা যায়। রাজধানীর মালিবাগের এই কোচিং সেন্টারটি বন্ধ দেখা গেল। ছবি: মোশতাক আহমেদ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোনো কোচিং সেন্টার বন্ধ রয়েছে। তবে কোথাও কোথাও খোলা থাকতে দেখা যায়। রাজধানীর মালিবাগের এই কোচিং সেন্টারটি বন্ধ দেখা গেল। ছবি: মোশতাক আহমেদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়ার পর ঢাকাসহ দেশের বেশির ভাগ কোচিং সেন্টার এখন বন্ধ করা হয়েছে। তবে এখনো কিছু কিছু কোচিংয়ের অফিস খোলা পাওয়া গেছে। তারা ক্লাস বন্ধ রেখে ভর্তি কার্যক্রম চালু রেখেছে।

সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। শিক্ষা মন্ত্রণালয় গত ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং বন্ধের নির্দেশ দিয়েছে।

বিকেলে রাজধানীর ফার্মগেট-গ্রিন রোডে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার ইউসিসি, উদ্ভাস, আইকন প্লাস, ইউনিএইড (মনির-মল্লিক-জহির), ইউনিএইড (কিরণ-কবির-সুমন) ও মেডিকেলে ভর্তি কোচিং প্রাইমেটের কার্যালয় বন্ধ। গ্রিন রোডের প্যারাগন কোচিং ও সাইফুর’স কোচিংয়ের কার্যালয় খোলা আছে। তবে সেখানে ক্লাস হচ্ছে না। শুধু শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলছে। প্যারাগন কোচিংয়ের ব্যবস্থাপক মো. সজীব প্রথম আলোকে বলেন, কোচিংয়ে ক্লাস বন্ধ রেখেছেন। তবে ক্লাসরুমে অফিসের কার্যক্রম পরিচালনা করছেন, শিক্ষার্থী ভর্তি চলছে।

ফার্মগেটের সাইফুর’স কোচিং সেন্টারে গিয়ে দেখা যায়, কার্যালয়টি খোলা। ভর্তি চলছে। অনেকে এখানে ভর্তি হতে আসছে। এখানকার ব্যবস্থাপক সারোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমরা ভর্তি কার্যক্রম চালু রেখেছি। তবে কোনো ক্লাস নেওয়া হচ্ছে না।’

রাজধানীর শান্তিনগর ও মালিবাগে অবস্থিত উদ্ভাস কোচিং সেন্টার বন্ধ পাওয়া গেছে। রেটিনা, উন্মেষ কোচিং সেন্টারও বন্ধ ছিল। এগুলোতে তালা ঝুলছে। পরীক্ষার আগে খোলা থাকলেও আজ চট্টগ্রাম নগরের কোচিং সেন্টারগুলো বন্ধ ছিল। দুপুরে চট্টগ্রাম নগরের চকবাজার ও জিইসি মোড় এলাকার কোচিং সেন্টারগুলোর ফটকে তালা ঝুলতে দেখা যায়। এর আগে গত রোববার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আটটি টিম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬টি কোচিং সেন্টার বন্ধ করে দেন।

রাজশাহীতে ক্লাস না চললেও কিছু কিছু কোচিং সেন্টার তাদের ভর্তি কার্যক্রম চালু রেখেছে। রাজশাহী নগরের কাদিরগঞ্জ, ঘোষপাড়ার ও রাজারহাতা এলাকায় সবচেয়ে বেশি কোচিং সেন্টার চলে। এই এলাকাগুলোতে গিয়ে কোচিং সেন্টার বন্ধ পাওয়া গেছে। সিলেট নগরের হাওয়াপাড়া, চৌহাট্টা ও লামাবাজার এলাকার ১৭টি কোচিং সেন্টার ঘুরে সব কটিই বন্ধ পাওয়া গেছে। হাওয়াপাড়া এলাকার দিশারী-১৪১ নম্বর বাসায় অবস্থিত হাই কোচিং একাডেমির দরজা খোলা পাওয়া যায়। একাডেমির পরিচালক মো. আবদুল হাই বলেন, কোচিং সেন্টারের পেছনেই তাঁর বাসা। তাই দরজা খোলা রয়েছে। তবে ক্লাস বন্ধ।

খুলনা নগরের অধিকাংশ কোচিং সেন্টার অবস্থিত আহসান আহমেদ সড়ক, সামছুর রহমান সড়ক ও খানজাহান আলী সড়ক এলাকায়। বিকেল পাঁচটার দিকে ওই সড়কগুলোতে ঘুরে সব কোচিং সেন্টার বন্ধ দেখা যায়।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং প্রতিনিধি, সিলেট]