অনেক ক্ষেত্রে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত সংলাপে (বাঁ থেকে) সৈয়দ মঞ্জুর এলাহী, আ হ ম মুস্তফা কামাল, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, দেবপ্রিয় ভট্টাচার্য, শামসুল আলম ও হোসেন জিল্লুর রহমান l প্রথম আলো
মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত সংলাপে (বাঁ থেকে) সৈয়দ মঞ্জুর এলাহী, আ হ ম মুস্তফা কামাল, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, দেবপ্রিয় ভট্টাচার্য, শামসুল আলম ও হোসেন জিল্লুর রহমান l প্রথম আলো

বাংলাদেশে দুর্নীতি কমছে না, বরং অনেক ক্ষেত্রে তা প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে। দুর্নীতি কমানো না গেলে, সুশাসন নিশ্চিত না হলে এবং আইনের শাসন প্রতিষ্ঠা না হলে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন সম্ভব হবে না।
‘বাংলাদেশের প্রেক্ষিতে টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬: শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার ও সুশাসন’ শীর্ষক এক সংলাপে বক্তারা এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ গতকাল বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে এ সংলাপের আয়োজন করে।
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক দেবপ্রিয় ভট্টাচার্য।
সভাপতি হিসেবে অনুষ্ঠানের সার্বিক আলোচনার একটি সারমর্ম তুলে ধরে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এসডিজি অর্জন করতে হলে সরকার ও নাগরিক সমাজের একটি যৌথ উদ্যোগ দরকার। আলোচনায় সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলার বিষয়ে ব্যাপক মতৈক্য হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘সবাই বলছেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমাদের শক্তি নিয়োগ করতে হবে। নইলে আমাদের অনেক ভালো প্রয়াসও ব্যর্থ হয়ে যাবে।’

২০১৫ সালে জাতিসংঘের সাধারণ সম্মেলনে এসডিজি গৃহীত হয়। এতে ২০৩০ সালের মধ্যে মোটাদাগে ১৭টি লক্ষ্য অর্জনের জন্য দেশগুলো অঙ্গীকার করেছে। এর মধ্যে ১৬ নম্বর লক্ষ্যটি হলো শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার ও সুশাসনসম্পর্কিত।

অনুষ্ঠানে শুরুর বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য টেকসই উন্নয়ন লক্ষ্যকে একটি মুকুটের সঙ্গে তুলনা করেন।
 তিনি বলেন, ‘মুকুটের মণি হলো ১৬ নম্বর অভীষ্ট। এটা যে আলোকচ্ছটা দেবে, সেই আলোয় অন্যান্য মণি-মাণিক্য উদ্ভাসিত হবে।’

দেবপ্রিয় মনে করেন, এসডিজি বাস্তবায়নে তিন ধরনের সমস্যা আছে। এগুলো হলো সচেতনতার অভাব, সক্ষমতার অভাব ও সদিচ্ছার অভাব। এসডিজি কতখানি গুরুত্বপূর্ণ তা অনুধাবনের মতো বোধ অনেক ক্ষেত্রে নেই। বোধ থাকলেও অনেক সময় তা কার্যকর করতে তথ্য-উপাত্ত থাকে না, মানবসম্পদ থাকে না, পদ্ধতি থাকে না।

দেবপ্রিয় বলেন, ‘অনেক সময় সদিচ্ছার অভাব থাকে। এটা অস্বীকার করার জায়গা নেই। সদিচ্ছার অভাব হলে বাস্তবায়ন কঠিন হয়। সরকার যেহেতু উদ্যোগ নিয়ে করবে, সেই চাহিদা সৃষ্টি করার জন্য আমরা নাগরিকদের পক্ষ থেকে এখানে এসেছি।’

দেবপ্রিয়র বক্তব্যের পর একটি উপস্থাপনায় এসডিজির ১৬ নম্বর লক্ষ্যের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান। তিনি জানান, ১০০টি দেশের মধ্যে মতপ্রকাশ ও জবাবদিহির ক্ষেত্রে ২০০০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৫৮তম, ২০১৪-তে তা ৬৮ নম্বরে নেমেছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতির ক্ষেত্রে ৭৪তম অবস্থান থেকে ৮২ নম্বরে নেমেছে বাংলাদেশ। দুর্নীতি দমনের ক্ষেত্রে আফগানিস্তান বাদে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার নিচে বলেও উল্লেখ করেন তিনি।

দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের দুটি উদাহরণ দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি সংস্থা পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। একটি হলো প্রকল্পের ব্যয় অযৌক্তিকভাবে বাড়িয়ে ধরা। অন্যটি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সাংসদের জন্য বরাদ্দ দেওয়া অংশের জবাবদিহি না থাকা।

হোসেন জিল্লুর বলেন, অযৌক্তিক প্রকল্প ব্যয় দুর্নীতির একটি বড় ধরনের চেহারা হিসেবে বাংলাদেশে আবির্ভূত হচ্ছে। এর মাধ্যমে দুর্নীতি ও ঘুষের সনাতনী ধারণা পাল্টে যাচ্ছে। তিনি বলেন, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ চিন্তার বিষয়। এটা সার্বিকভাবে প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে দুর্বল করে তোলে। জনগণের উদ্যোগী মনোভাবকে দুর্বল করে দেয়।

সহিংসতার নতুন বাস্তবতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন হোসেন জিল্লুর। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এর মোকাবিলা সম্ভব নয়। যদি না তাদের কর্মকাণ্ডের একটি সার্বিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা যায়। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে—এ ধরনের একটি অনুধাবন যেন সর্বজনীন হয়।

এসডিজি বাস্তবায়নে কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী। তিনি বলেন, টেকসই উন্নয়ন মানে হলো চাকরি। কর্মসংস্থান তৈরি করতে হবে বেসরকারি খাতের মাধ্যমে। কিন্তু বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না। ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর একটা বড় কারণ দুর্নীতি।

নিজেরা করির সমন্বয়ক খুশী কবির বলেন, এসডিজির একটি লক্ষ্য হলো সবার জন্য ন্যায়বিচার। কিন্তু বাংলাদেশে অধিকাংশ মানুষ কিন্তু মনে করছেন, তাঁরা সবাই ন্যায়বিচার পাচ্ছেন না। এর নানা কারণ আছে।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, এসডিজি বাস্তবায়িত হলে পৃথিবী প্রায় স্বর্গ হয়ে যাবে। তবে পুরোটা বাস্তবায়ন হবে কি না জানি না।

মুক্ত আলোচনায় সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ব্যবসায়ী নেতা আসিফ ইব্রাহিম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, ব্যবসায়ী সেলিমা আহমাদসহ অনেকে অংশ নিয়ে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ, ব্যবসায়ী সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমান সুযোগ দেওয়াসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

আলোচনায় আসা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, আগামী দুই থেকে আড়াই বছরে অর্থনৈতিক অঞ্চল দৃশ্যমান হবে। এগুলো হলে বিনিয়োগের ভৌত বাধা থাকবে না। সরকার একটি এলএনজি টার্মিনাল নির্মাণ শেষ করেছে, আরও দুটি নির্মাণ করবে। এ বছরের ডিসেম্বর নাগাদ সরকারি ক্রয়ের সব দরপত্র অনলাইনভিত্তিক করা হবে।

হোসেন জিল্লুরের বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, ‘টিআর ও কাবিখায় আমরা যে গম পাই, তার ৫০ শতাংশ চলে যায় সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য।’

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসানসহ নাগরিক প্ল্যাটফর্ম কমিটির সদস্য ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।