স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অনেক ক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে। এসব মেডিকেল কলেজ শর্ত পূরণ করে না। এদের কয়েকটির বিরুদ্ধে ইতিমধ্যে সরকার ব্যবস্থা নিয়েছে।
গতকাল রোববার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাকক্ষে প্রস্তাবিত বাজেট ২০১৬-১৭ নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। বিএমএ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘অনেক মেডিকেল কলেজে শিক্ষক নেই, ল্যাবরেটরি নেই। আমি এগুলোর খোঁজ রাখছি। এসব মেডিকেল কলেজ বড় অনেক শর্ত পূরণ করতে পারে না। আমি এগুলো ঠিক করার চেষ্টা করছি।’ তিনি বলেন, বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাঁর ওপর চাপ আসে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএমএর সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বিএমএর মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নূরুল হক, হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ ও সহসভাপতি নুরুল ইসলাম হাসিব।