যানবাহনে অগ্নিসংযোগকারী এবং বোমাবাজদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করার পর অনেক তথ্য পাওয়া যাচ্ছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। তবে এখন পর্যন্ত কেবল পুলিশের এলিট ফোর্স র্যা ব পাঁচজন তথ্য প্রদানকারীকে পুরস্কার দিয়েছে।
র্যা বের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান গত বুধবার প্রথম আলোকে বলেন, নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার পর র্যা ব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। এর মধ্যে নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাহায্যকারী পাঁচজনকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। আরও কয়েকজনকে পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে।
২৪ জানুয়ারি (শনিবার) সংবাদ সম্মেলন করে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এই পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী, ককটেল নিক্ষেপকারী সম্পর্কে তথ্য দিলে ১০ হাজার টাকা, ধরিয়ে দিলে ২৫ হাজার টাকা; ককটেল নিক্ষেপ, বোমা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ছবি ব্যক্তিগত মুঠোফোন বা ক্যামেরায় ভিডিওচিত্র ধারণ করে র্যা বকে দিলে ১০ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া টিভি চ্যানেলে দেখানো বোমা, পেট্রলবোমা নিক্ষেপকারী ও যানবাহন ভাঙচুরকারীদের গ্রেপ্তারে সাহায্য করলে ২৫ হাজার টাকা, পরিকল্পনাকারী ও সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ৫০ হাজার টাকা, পেট্রলবোমা নিক্ষেপকারী সম্পর্কে তথ্য দিলে ২০ হাজার টাকা, হাতেনাতে গ্রেপ্তারে সহায়তা করলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
একই দিন পুলিশ সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা নিক্ষেপকারীদের ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তবে ওই বাসে পেট্রলবোমা হামলাকারীদের কাউকে গতকাল শুক্রবার পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে ওই ঘটনার পর যাত্রাবাড়ী ও আশপাশের থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় ওই বাসে পেট্রলবোমা হামলায় ২৯ জন যাত্রী দগ্ধ হন। বাসটি গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় যাচ্ছিল।
২৬ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলন করে নাশকতাকারীদের গ্রেপ্তারে সহায়তাকারীদের পৃথকভাবে পুরস্কার দেওয়ার কথা জানান। তিনি বলেন, রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগের সময় হাতেনাতে গ্রেপ্তারে সহায়তা করলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পেট্রলবোমা বা হাতবোমা নিক্ষেপের সময় হাতেনাতে গ্রেপ্তারে সহায়তা করলে ৫০ হাজার টাকা ও বোমা তৈরি বা মজুতের তথ্য দিলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
পুরস্কারের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত কাউকে পুরস্কার দেওয়া হয়নি। তবে পুরস্কার ঘোষণার পর পুলিশ অনেক তথ্য পেয়েছে।