অনেক তামাশা করেছেন, সাবধান হয়ে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সম্পদ অনুসন্ধানের মাধ্যমে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী। বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে গতকাল শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
দুদকের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘সাবধান হয়ে যান, অনেক তামাশা করেছেন, অনেক ইয়ার্কি করেছেন। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে বিএনপি আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে।’
বিএনপির নেতা রিজভী অভিযোগ করেন, দুদক সরকারের আজ্ঞাবহ হয়ে তাঁর দলের হাজারো নিরীহ নেতা-কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে, সরকারবিরোধী রাজনৈতিক দলের নেতাদের হেয় করছে। অন্যদিকে সরকারের নির্দেশে দুর্নীতিবাজদের ক্ষমা করে দিচ্ছে, উদারতা দেখাচ্ছে। এতে হলমার্ক ও পদ্মা সেতু কেলেঙ্কারিতে জড়িত সরকারের মন্ত্রী ও রাঘববোয়ালেরা পার পেয়ে গেছে।
সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ করে রিজভী বলেন, সরকার ভোটের নাটক করে জাতির সঙ্গে আরেকবার তামাশা করেছে, গণতন্ত্রকে আবার গলাটিপে হত্যা করেছে। এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
সম্মেলনে ছিলেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহাবুবর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার, জেলা বিএনপির সহসভাপতি ফজলুল বারী তালুকদার প্রমুখ।