অনেক দলই সেনানিবাসকে ক্ষমতার উৎস মনে করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, সেনাবাহিনীকে দোষারোপ করা হলেও অনেক রাজনৈতিক দলই সেনানিবাসকে ক্ষমতার উৎস হিসেবে বিবেচনা করে। তবে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর দ্বারা অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গওহর রিজভী এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে ‘সন্ত্রাস দমনে বাংলাদেশের জাতীয় কৌশলপত্র প্রণয়ন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থাগুলোর সংস্কারবিষয়ক সংস্থা ডিআইআরআইর সহযোগিতায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এ কর্মশালার আয়োজন করে। চার দিনব্যাপী এই কর্মশালায় সামরিক কর্মকর্তা, আমলা, সুশীল সমাজের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের জাতীয় সন্ত্রাস দমন কৌশলপত্র তৈরির জন্য এ কর্মশালা থেকে সুপারিশ পাঠানো হবে। এর আগেও এ ধরনের তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিইআইর সভাপতি ফারুক সোবহান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডিআইআরআইর কর্মসূচি-সমন্বয়ক জন হ্যানসেন কর্মশালার সার্বিক বিষয়গুলো তুলে ধরেন। বক্তব্য দেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস জে ডিন।প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, যাঁরা গণতন্ত্র ও দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, তাঁরাই অগণতান্ত্রিক শক্তিগুলোকে ডেকে ক্ষমতায় নিয়ে আসেন। তবে পঞ্চদশ সংশোধনীতে এ ধারা বন্ধ করে গণতন্ত্রকে সুসংহত করা হয়েছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি পদ্ধতি আমাদের দরকার। নির্বাচন কমিশনকে শক্তিশালী করে নিজের মতো করে কাজ করতে দিলে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারবে।গওহর রিজভী বলেন, সন্ত্রাসবাদের কারণে দেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। সন্ত্রাসবাদের মূলোৎপাটনে সামরিক ও বেসামরিক প্রশাসনকে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে বলে মত দেন তিনি। এ জন্য বেসামরিক প্রশাসনের অধীনে সামরিক প্রশাসনে খুব শক্ত সাংগঠনিক শৃঙ্খলা (চেইন অব কমান্ড) গড়ে তুলতে হবে।ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন বলেন, সন্ত্রাস মোকাবিলার কৌশল ঠিক করার সময় আইনের শাসন ও মানবাধিকারের বিষয়টিতেও সমান নজর রাখতে হবে।কর্মশালার আয়োজকেরা বলেন, সব দেশেরই সন্ত্রাসবাদ মোকাবিলার নিজস্ব কৌশলপত্র রয়েছে। স্বাধীনতার ৪০ বছর পরও বাংলাদেশ এটা প্রণয়ন করেনি। বাংলাদেশের সন্ত্রাসবাদ মোকাবিলার খসড়া কৌশলপত্র প্রণয়নে এই কর্মশালার সুপারিশ বিশেষ ভূমিকা রাখবে।