ভৌগোলিক সীমারেখার বেড়াজালে বন্দী মানুষ জীবিকার তাগিদে অনেক দূরে তথা ভিন্ন দেশে বসবাস করলেও সব সময়ই পেতে চায় স্বজনদের সান্নিধ্য। মায়া-মমতা আর ভ্রাতৃত্বের নিবিড় বন্ধনে আবদ্ধ মানুষ সুযোগ পেলেই একে অন্যের সঙ্গে মিশে যায়। স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাত্ করতে আসা দুই বাংলার মানুষের মিলনমেলায় পরিণত হয় গতকাল রোববার পঞ্চগড়ের হাঁড়িভাসা সীমান্তের বড়দরগা। এর আগে থেকে বাংলাদেশ এলাকায় অপেক্ষমাণ স্বজন ও পরিচিতদের দেখে এখানে আসা লোকজন আবেগে আপ্লুত হয়ে ওঠেন। একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। দুই দেশের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বিএসএফ-বিডিআর মাঝখানে বাঁশের বেড়া দিয়ে করিডরের মধ্যে দেখা-সাক্ষাতের ব্যবস্থা করে।দুপুরের পর দুই দেশের জনপ্রতিনিধিরা এলে অন্য রকম পরিবেশের সৃষ্টি হয়। ভারতের জলপাইগুড়ি সদর আসনের লোকসভার সদস্য দেবপ্রসাদ রায় এবং বাংলাদেশের পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান এক মঞ্চে বসে দুই দেশের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বেলা আড়াইটায় তাঁরা ফিরে যান। বিকেল পাঁচটা পর্যন্ত চলে মিলনমেলা। সৈয়দ বুড়াপীর সাহেবের ৬৭তম বার্ষিক ইছালে সওয়াব ও দোয়ার মাহফিল উপলক্ষে প্রতিবছরের মতো এবারও পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ৭৫৭ নম্বর মেইন পিলারসংলগ্ন বড়দরগা এলাকায় এই মিলনমেলা হয়। বিএসএফের টিয়াপাড়া ক্যাম্প আর বিডিআরের ঘাগড়া ক্যাম্পের মাঝে এ স্থানটি।সকাল থেকে ভারত-বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে এখানে এসে অবস্থান নেয়। একে অন্যকে দেখে আনন্দের কান্নায় ভেঙে পড়ে। ইছালে সওয়াব ও দোয়ার মাহফিল পরিণত হয় মিলনমেলায়। গত বছর পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞের কারণে নির্ধারিত তারিখের অনেক পর এখানে ইছালে সওয়াব হলেও মিলনমেলা হয়নি। হাঁড়িভাসা ইউপির চেয়ারম্যান আবুল হোসেন জানান, পঞ্চগড় জেলার অধিকাংশ এলাকা পাকিস্তান-ভারত বিভক্তির আগে ভারতের জলপাইগুড়ি জেলার অধীনে ছিল। এ কারণে দেশ বিভাগের পর আত্মীয়স্বজনেরা দুই দেশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। বছরের এই দুই দিনে দুই বাংলার নাগরিকেরা একত্র হওয়ার সুযোগ পায়। পঞ্চগড়ের বোদা উপজেলার গোবিন্দগুরু থেকে মেয়ের সঙ্গে দেখা করতে এসেছেন নেলাইশ্বরী (৭০)। মেয়ে বাসন্তী এসেছেন শিলিগুড়ি থেকে। দুজনের ১০ বছর পর দেখা হলো। একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। জলপাইগুড়ির হলদিবাড়ী থেকে এসেছেন কমলা খাতুন (৬৫)। ভাই রফিকুল ইসলামে সঙ্গে দেখা করতে। ৩৫ বছর পর ভাইয়ের দেখা পেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়েন। জলপাইগুড়ির মন্ডলঘাট থেকে সুশিলা বালা এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে। মা সুমিত্রা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বলরামপুর থেকে এসেছেন। মা-মেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা জানান, ১২ বছর পর তাঁদের দেখা। ভারতের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর চৌরাশিয়া বলেন, ‘ধর্মীয় কারণে আমরা বিডিআর এবং স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে এই উদ্যোগ নিয়েছি।’ বিডিআরের ভিতরগড় কোম্পানি সদরের নায়েক সুবেদার দেলোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বিষয়টি ধর্মীয় ও স্পর্শকাতর হওয়ায় আমরা বিডিআর-বিএসএফের কোম্পানি পর্যায়ে একাধিকবার বৈঠক করে এই উদ্যোগ নিয়েছি। এই উছিলায় দুই দেশের অনেকের আত্মীয়র সঙ্গে দেখা-সাক্ষাত্ হয়।’ মিলনমেলায় স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি দীপেন্দ্রনাথ প্রামাণিক জানান, ধর্মীয় অনুভূতি ও অবিচ্ছেদ্য সর্ম্পকের অংশ হিসেবে দুই বাংলার মানুষ এই ওরসের আয়োজন করে থাকে। মানুষ তাদের ভালোবাসা আর মনের চাওয়া থেকে চাল-ডাল, মুরগি, ছাগল দান করে, যা দুই দিনে ভক্তরা প্রসাদ (তবারক) হিসেবে খেয়ে থাকেন। এ সুযোগে অনেকে আত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাত্ ও কুশল বিনিময় করেন। জলপাইগুড়ি সদর আসনের লোকসভার সদস্য দেবপ্রসাদ রায় প্রথম আলোকে বলেন, ‘অদ্ভুত পরিবেশ। আমরা দুই বাংলার মানুষ একত্র হতে পেরেছি। আমরা বন্ধুপ্রতিম দেশ। আমরা এই সুসম্পর্ক বজায় রাখব।’ একই কথা বলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান।