অনেক দূর যেতে চান গাড়িচালক শারমিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে শক্ত রাখতে হবে। সবকিছুই মনের ব্যাপার। মনোবল ঠিক থাকলে রাস্তায় কে কি বলল কানে আসবে না। সম্পূর্ণটা হচ্ছে নিজের সাহসের ওপর। কে কি বলল কান দেওয়া যাবে না। দৃঢ় চিত্তে একনাগাড়ে কথাগুলো বললেন জীবনে অনেক দুল যেতো চাওয়া শারমিনা আক্তার।

আজ বুধবার সকালে নিউ ইস্কাটন রোডে কথা হয় তার সঙ্গে। শারমিনা আক্তার বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়িচালক।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়িচালক শারমিনা আক্তার। ছবি: সাবিনা ইয়াসমিন
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়িচালক শারমিনা আক্তার। ছবি: সাবিনা ইয়াসমিন

রংপুর পীরগঞ্জের মেয়ে শারমিনা। বিয়ের মাত্র তিন বছর পরে অকস্মাৎ স্বামীর মৃত্যুতে এক সন্তানসহ বিপদেই পড়েন তিনি। ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। ২০১৪ সালে বাবাও মারা গেলেন। এরপর কুল কিনারা না পেয়ে শারমিনা ছোট ছেলেকে মায়ের কাছে রেখে কর্মের শহর এই ঢাকায় পাড়ি জমান।

ঢাকায় এসে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় চালকের প্রশিক্ষণ নেন শারিমনা। প্রশিক্ষণ শেষে ব্র্যাকের কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি চালাতেন। কিন্তু এদিকে ছেলে বড় হচ্ছে। আবার ছয় ভাই-বোনের মধ্যে সবার বড় হওয়ায় পরিবারের দায়িত্ব শারমিনার ওপর। তাই বাড়িতে বাড়তি টাকা দিতে হিমশিম খেতে হয়। পত্রিকায় বিজ্ঞাপন দেখে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই বোঝাই গাড়ি চালানোর চেষ্টা করলেন। নানান পরীক্ষা দিয়ে হলেন ভ্রাম্যমাণ গাড়ির চালক।

রাস্তায় অন্য চালকদের অতি উৎসাহের চোখ এড়িয়ে চলাচল করেন শারমিনা আক্তার। গাড়ি চালানোর অভিজ্ঞতা জানতে চাইলে শারমিনা বলেন, ‘প্রতিদিন নিউ ইস্কাটন রোডে থেকে খিলগাঁও, বাসাবো এলাকার অলিগলিতে গাড়ি নিয়ে যেতে হয়। প্রতিদিন কত্ত রকম ঝক্কি পোহাতে হয় |’ তিনি জানালেন, একবার তো চাক্কা পান চার হয়ে গেল আমার সহকর্মী অবশ্য আমাকে সাহায্য করলেন। তবে প্রশিক্ষণে সবটা শিখেছিলাম বলে খুব বেশি বিপদে পড়তে হয়নি।

ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিরাজগঞ্জসহ বিভিন্ন মহাসড়কেও গাড়ি চালিয়েছেন রংপুরের শারমিনা। তবে তার কাছে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার পাশের চালক যখন নারী ভেবে দুটো কথা বলেন। ‘তবে কঠিন জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। নিজের ভেতরের সাহসটুকু ধরে রাখতে হবে। কিছুতেই ভেঙে পড়া যাবে না। রাস্তায় যখন কাজ করতে হবে অনেকে অনেক কথা বলবে। তাতে কি আমার কাজ টি আমি ঠিক ভাবে করব |’ বলছিলেন শারমিনা।

শারমিনার বিশ্বসাহিত্য কেন্দ্রে কাজ করার মূল কারণ বই। বইয়ের সঙ্গে শারমিনার সখ্য অনেক আগে থেকেই। এসএসসি পাশ করে রংপুরে পীরগঞ্জ ভেন্ডা বাড়ির বহুমুখী বিদ্যালয়ের ব্র্যাকের লাইব্রেরিতে কাজ করেছেন। পাঠকের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। খুব কম সময়ে পাঠকের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। কারণ নিজেও বই পড়তে ভালোবাসেন। তার প্রিয় বই আনিসুল হকের ‘মা’ ও ‘আবার তোরা কীপটে হ’। সময় পেলেই বই পড়েন। পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পড়ছেন। জীবনে অনেক দূর যেতে চান শারমিনা |