অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছে: তারানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারানা হালিম
তারানা হালিম

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। বিশ্বের অনেক দেশ এখন ডিজিটাল বাংলাদেশকে অনুসরণ করছে।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া ইউনিয়নের ছেফাতউল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির উদ্যোগে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার উচ্চ বিদ্যালয়গুলোতে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারানা হালিম এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করব। ডিজিটাল বাংলাদেশ আজ শুধু স্বপ্ন না। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা আজ পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছি। বিশ্বের অনেক দেশ এখন ডিজিটাল বাংলাদেশকে অনুসরণ করছে।

ছেফাতউল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ. বি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক কুদরত আলী প্রমুখ।

অনুষ্ঠানে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার ৭১টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে দুটি করে এবং ২৬ জন কৃতী শিক্ষার্থীর হাতে একটি করে ট্যাব তুলে দেন তারানা হালিম।