অনেক নিরাশার কথা বলা হলেও এবারের বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্মেলনের শুরুতেই দেখা গেল কিছুটা আলোর ঝিলিক। আর তা হলো বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সেবা খাতে বিশেষ ছাড়ের বিষয়টি।এ বিষয়ে উন্নত দেশগুলোও নীতিগতভাবে একমত হয়েছে, যা এত দিন ঝুলে ছিল। পরে আলোচনা ও দর-কষাকষি করে বিষয়টিকে এগিয়ে নিতে হবে। তবে এটি কার্যকর ও বাস্তবায়িত হলে আগামী দিনে এলডিসি থেকে উন্নত ও উন্নয়নশীল দেশে অবাধে শ্রম রপ্তানি করা যাবে। সে ক্ষেত্রে এই সুযোগ ভালোভাবেই কাজে লাগাতে পারবে বাংলাদেশ।এই ক্ষীণ আশার আলো দেখিয়ে ডব্লিউটিওর অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় (বাংলাদেশ সময় রাত আটটা) জেনেভা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন সম্মেলনের চেয়ারম্যান ও নাইজেরিয়ার বাণিজ্যমন্ত্রী ওলুসেগান আগানগা। ডব্লিউটিওর মহাপরিচালক প্যাসকাল ল্যামিসহ ডব্লিউটিওর ১৫৬ সদস্য দেশের মন্ত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানের পরই শুরু হয় প্লিনারি অধিবেশন। এখানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী (সদ্য বিদায়ী বাণিজ্যমন্ত্রী) মুহাম্মদ ফারুক খানসহ প্রতিটি দেশের মন্ত্রী তিন মিনিট করে বক্তব্য দেন।উদ্বোধনী অনুষ্ঠানে ওলুসেগান আগানগা বলেন, সেবা খাতে ছাড় বিষয়ে এলডিসির জন্য যে খসড়াটি তৈরি হয়েছে, এ জন্য তিনি খুশি। আলোচনার মাধ্যমে বিষয়টিকে এগিয়ে নিতে হবে বলে তিনি মনে করেন। এবারের সম্মেলনে রাশিয়া, ভানুয়াতু ও সামোয়াকে স্বাগত জানান তিনি।প্যাসকাল ল্যামি বলেন, বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা কার্যকর হবে রাজনৈতিক সদিচ্ছার ওপর। তবে আগামী দিনে উন্নয়নের জন্যই বাণিজ্য হবে।প্লিনারি সেশনে ফারুক খান বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলো দোহা আলোচনা থেকে সুষম ফলাফল পেতে দীর্ঘ সময় ব্যয় করেছে। তার পরও দোহাকে ব্যর্থ হতে দেওয়া যায় না। আমাদের অবশ্যই দোহা আলোচনার অচলায়তন ভাঙতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থের জন্য খুবই প্রয়োজন।’সম্মেলন উপলক্ষে জেনেভায় আসা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সম্মেলনটি হচ্ছে নিয়ম রক্ষা বা রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে। সম্মেলন করা না হলে তো ডব্লিউটিওর মানমর্যাদাই থাকে না।আজ শুক্রবার অনুষ্ঠিত হবে কয়েকটি কর্ম-অধিবেশন। তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে চেয়ারম্যান সামগ্রিক আলোচনার ভিত্তিতে একটি বিবৃতি দেবেন।