অনেক প্রতিশ্রুতি, বাস্তবায়ন অল্প, জনমনে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৪ জানুয়ারি ফের খুলনা সফরে আসছেন। প্রধানমন্ত্রীর সফর সফল করতে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে খুলনা অঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যেসব প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর অধিকাংশই বাস্তবায়িত না হওয়ার বিষয়টি এখন আলোচনায় উঠে এসেছে। এ ছাড়া সাতক্ষীরার শ্যামনগর ও বাগেরহাটের উন্নয়নে প্রধানমন্ত্রীর দেওয়া ২৪টি প্রতিশ্রুতিও পূরণ না হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:খুলনা: জাতীয় নির্বাচনের আগে এবং ২০১১ সালের ৫ মার্চ জনসভায় শেখ হাসিনা খুলনা অঞ্চলের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এর মধ্যে রয়েছে শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু, মংলা বন্দরের আধুনিকায়ন ও খুলনায় বিমানবন্দর স্থাপন; বন্ধ হয়ে যাওয়া দৌলতপুর ও পিপলস জুট মিলস, হার্ডবোর্ড মিল, নিউজ প্রিন্ট মিলস ও দাদা ম্যাচ ফ্যাক্টরি নতুনভাবে চালু; আইটি ভিলেজ স্থাপন, খুলনা টেক্সটাইল মিলকে টেক্সটাইল পল্লিতে রূপান্তর, খুলনায় পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন ও কৃষি বিশ্বদ্যািলয় স্থাপন; হাজী মুহাম্মদ মুহসিন কলেজ, রূপসা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, খুলনা মডেল স্কুল, ইকবাল নগর বালিকা বিদ্যালয় ও মহসিন স্কুলকে জাতীয়করণ; বিদ্যুৎকেন্দ্র স্থাপন, পাইপলাইনে গ্যাস সরবরাহ, মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীতকরণ, নার্সিং ইনস্টিটিউট স্থাপন এবং সুন্দরবনে আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন করা। খোঁজ নিয়ে জানা গেছে, এসব প্রতিশ্রুতির মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালটি চালু হয়েছে, বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে, খুলনায় পূর্ণাঙ্গ বিমানবন্দর না হলেও স্টল বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই-বাছাইয়ের কাজ চলছে, পিপলস জুট মিল খালিশপুর জুট মিল নামে ও দৌলতপুর জুট মিলটি চালু হয়েছে এবং হার্ডবোর্ড মিল চালুর প্রক্রিয়া চলছে। খুলনা সিটি মেয়র ও খুলনা নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, বৃহত্তর খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়ন করা হয়েছে। বাকি প্রকল্পগুলোর কাজ চলছে। সাতক্ষীরা: শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজকে জাতীয়করণসহ মোট ছয়টি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আড়াই বছর পেরিয়ে গেলেও এসব প্রতিশ্রুতির একটিও বাস্তবায়ন করা হয়নি। এতে শ্যামনগর উপজেলার চার লক্ষাধিক মানুষ হতাশ হয়ে পড়েছে। ২০১০ সালের ২৩ জুলাই প্রধানমন্ত্রী নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় শ্যামনগর মহসীন কলেজকে জাতীয়করণের ঘোষণা দেন। পাশাপাশি এ সময় তিনি এই সরকারের মেয়াদের মধ্যেই শ্যামনগরকে পৌরসভায় রূপান্তর, সুন্দরবনে আধুনিক মানের পর্যটন কেন্দ্র স্থাপন, মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলা, শ্যামনগর পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন ও একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন। শ্যামনগর মহসীন কলেজের অধ্যক্ষ জি এম ওসমান গণি বলেন, ছয়টি ঘোষণার মধ্যে কলেজটি জাতীয়করণের কাজ অনেক দূর এগিয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় কারণে এ কার্যক্রম এখন থেমে আছে। বাগেরহাট: ২০১১ সালের ৫ মার্চ খুলনায় এবং একই বছরের ১৫ মার্চ বাগেরহাটে দুটি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগেরহাটের উন্নয়নে ১৮টি প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে, ঢাকা-বাগেরহাট-মংলা রেল সার্ভিস চালু করা, খান জাহান আলী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তর, সুন্দরবনে পর্যটন বিকাশে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ, রামপাল উপজেলায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন, মংলার পশুর নদী খনন; বাগেরহাটে মেরিন টেকনোলজি ইনস্টিটিউট, ডিপ্লোমা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, পূর্ণাঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট ও ২৩টি কমিউনিটি ক্লিনিক স্থাপন; মংলা ও রামপাল উপজেলায় তিনটি সেতু নির্মাণ এবং উপকূলীয় জেলা বাগেরহাটের জনগণের দুর্যোগের ঝুঁকি কমাতে ও ফসল রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। এসবের মধ্যে খান জাহান আলী বিমানবন্দর, পলিটেকনিক ও ডিপ্লোমা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে অত্যন্ত ধীরগতিতে। ফলে বর্তমান সরকারের মেয়াদে এসব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।