অনেক প্রশ্ন, জবাব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত আমান,আলভী আমান
নুসরাত আমান,আলভী আমান

লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে নিজের দুই শিশুসন্তানকে একাই হত্যা করেছেন মা। র‌্যাবের এমন দাবি অনেকে বিশ্বাস করতে পারছেন না। গতকাল সংবাদ সম্মেলনে র‌্যাবের কর্মকর্তাও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘প্রথমে এ রকম বিশ্বাস আমাদের মধ্যেও ছিল না, যে মা এত দিন লালন-পালন করেছেন, তিনিই সন্তানদের হত্যা করবেন!’
গতকাল বৃহস্পতিবার র‌্যাবের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, নুসরাত আমান ও আলভী আমানের মা মাহফুজা মালেক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন যে, তিনি নিজেই দুই সন্তানকে হত্যা করেছেন। হত্যার কারণ হিসেবে সন্তানদের পড়ালেখা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা বলেছেন তিনি।
এ কারণে কোনো মা তাঁর নিজের সন্তানকে হত্যা করতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটা অস্বাভাবিক ও নজিরবিহীন। লেখাপড়া না করার জন্য বকাঝকা, মারধরের ঘটনা বাংলাদেশে ঘটে থাকে। কিন্তু সে কারণে মা তাঁর সন্তানদের খুন করে ফেলবেন, এটা হতে পারে না। এর পেছনে অন্য কারণ থাকতে পারে।’
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর বাসায় দুই শিশু নুসরাত আমান ও আলভী আমানের রহস্যজনক মৃত্যু হয়। নুসরাত ভিকারুননিসা নূন স্কুলে পঞ্চম শ্রেণিতে এবং আলভী বাসার পাশে একটি স্কুলে নার্সারিতে পড়ত। বুধবার জামালপুরের বাসা থেকে র‌্যাব শিশু দুটির বাবা আমান উল্লাহ, মা মাহফুজা মালেক ও খালা আফরোজা মালেককে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসে। গতকাল বেলা দেড়টার দিকে র‌্যাব সংবাদ সম্মেলন করে মায়ের স্বীকারোক্তির কথা জানায়।
এদিকে ঘটনার চার দিন পর গতকাল রাত পৌনে ১০টায় মামলা করেছেন দুই শিশুর বাবা। মামলায় একমাত্র আসামি মা মাহফুজা মালেক।
তবে মামলা হওয়ার আগেই দুই শিশুর বাবা, মা ও খালাকে এনে জিজ্ঞাসাবাদ এবং সংবাদ সম্মেলন ডেকে স্বীকারোক্তির কথা প্রচার করার আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক। প্রথম আলোকে তিনি বলেন, এক কথায় মামলা হওয়ার আগে এসব কার্যক্রম ফৌজদারি কার্যবিধি ও অভিযুক্ত ব্যক্তির সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তিনি (মা) র‌্যাব বা পুলিশের সামনে যা বলেছেন, তার আইনগত কোনো মূল্যও নেই। এ কথাগুলো ম্যাজিস্ট্রেটের সামনে বললে তার আইনগত ভিত্তি থাকত। সংবিধানে বলা আছে, কাউকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। সঠিক বিচারের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে আগে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ দিতে হবে।
হত্যার বিবরণ সম্পর্কে সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ খান বলেন, সোমবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুজন গৃহশিক্ষিকা নুসরাত আমানকে পড়ান। এ সময় মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল আলভী আমান। পড়া শেষ হলে সাড়ে পাঁচটার দিকে নুসরাতকে বিশ্রামের জন্য ডাকেন মা মাহফুজা। মায়ের সঙ্গে শোবার জন্য বিছানায় এলে নুসরাতের গায়ে থাকা ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন মা। এ সময় কিছু সময় ধরে মা ও মেয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই মেঝেতে পড়ে যায়। মেয়ের মৃত্যু নিশ্চিত হলে একই কায়দায় ছেলেকে হত্যা করা হয়। হত্যার পর মুঠোফোনে প্রথমে স্বামী ও পরে তাঁর এক বোনকে ছেলেমেয়ের অসুস্থতার কথা জানান।
হত্যার কারণ সম্পর্কে মায়ের উদ্ধৃতি দিয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, মা উচ্চশিক্ষিত, ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত একটি কলেজে শিক্ষকতাও করেছেন। তিনি সব সময় ছেলেমেয়ের পড়ালেখা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এই দুশ্চিন্তা থেকেই তিনি সন্তানদের হত্যা করেছেন।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ বলেন, হত্যার পেছনে আর কোনো কারণ পাওয়া যায়নি। আপাতত পাওয়া তথ্যই গণমাধ্যমকে জানানো হলো। এ বিষয়ে মামলা হবে এবং তদন্তে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে। র‌্যাবের জিজ্ঞাসাবাদের সময় মাহফুজা মালেক খুব সুস্থ, স্বাভাবিক ও সাবলীল ছিলেন বলে তিনি জানান। সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে র‌্যাবের দুই নারী সদস্য মাহফুজা মালেককে সদর দপ্তরে নিয়ে আসেন।
জামালপুর প্রতিনিধি জানান, দুই শিশুর নানা বাড়িতে গতকাল কাউকে ঢুকতে দেওয়া হয়নি। র‌্যাবের সংবাদ সম্মেলনে বক্তব্যের ব্যাপারে পরিবারের মন্তব্য জানার চেষ্টা করা হলেও কেউ কথা বলেননি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা হত্যাকাণ্ডটি পর্যবেক্ষণ করছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, তাতে মনে হচ্ছে, হত্যাকাণ্ডের সময় বাড়িতে মা ও দাদি উপস্থিত ছিলেন। দাদির সঙ্গে কথা বলা খুব প্রয়োজন। জাহিদ নামের যে ব্যক্তি নুসরাত ও আলভীকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যান, তিনিও ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারতেন। বাড়িতে গৃহকর্মী ছিল কি না, সে সম্পর্কে এখনো জানা যায়নি। এঁদের সবার সঙ্গে কথা বলা রহস্য উদ্ঘাটনের জন্য জরুরি বিষয়।
র‌্যাব বাবা-মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুর থেকে ঢাকায় আনলেও দাদি হাসনা বেগম সম্পর্কে কিছু জানায়নি। শিশু দুটির মৃত্যুর পর মঙ্গলবার সকালে বাবা-মায়ের সঙ্গে দাদিও জামালপুরে চলে যান বলে জানা যায়।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, একই সময়ে ১৪ বছরের ও ৬ বছরের দুটি শিশুকে শ্বাসরোধ করে ও মুখ চেপে ধরে হত্যা করা কঠিন। মেয়েটির গলায় রক্ত জমাট বেঁধেছিল, তার ঠোঁটে, মুখে ও গলায় আঁচড়ের দাগ ছিল। মেয়েটি প্রাণে বাঁচতে ধস্তাধস্তি করেছে। একপর্যায়ে সে পড়ে গিয়ে থাকতে পারে। কারণ, তার মাথার পেছনে রক্ত জমাট বেঁধেছিল। আলভীর ক্ষেত্রেও শ্বাসরোধের আলামত আছে, তবে মুখ চেপে ধরার লক্ষণ বেশি স্পষ্টভাবে ধরা পড়েছে। এ থেকে মনে হয়, হত্যাকাণ্ডে আরও কেউ অংশ নিয়ে থাকতে পারে।
নুসরাত ও আলভীর লেখাপড়া নিয়ে মায়ের উদ্বেগ কেন? তারা লেখাপড়ায় খারাপ ছিল? এ ব্যাপারে ওদের স্কুলে যোগাযোগ করা হয়। ভিকারুননিসা নূন স্কুলের ২০১৪ সালের অর্ধবার্ষিক পরীক্ষায় নুসরাত ৮২০ নম্বরের মধ্যে ৫২৭ নম্বর পেয়েছিল। ক্লাসে ১১০ দিনের মধ্যে ৯৮ দিন উপস্থিত ছিল। নুসরাতের পড়ালেখা সম্পর্কে স্কুলটির অধ্যক্ষ সুফিয়া খাতুন বলেন, ‘নুসরাতের শ্রেণিশিক্ষককে জিজ্ঞেস করেছিলাম। ওর ফল ভালো ছিল। খুব সৃষ্টিশীল ছিল, ভালো ছবি আঁকত।’
আলভী সম্পর্কে জানতে চাইলে হলি ক্রিসেন্ট (ইন্টারন্যাশনাল) স্কুলের প্রভাতি শাখার সমন্বয়ক মেহেদি মাসুদ বলেন, আলভী ছিল নার্সারির ছাত্র। সে প্লে গ্রুপ থেকে নার্সারিতে ওঠার সময় ষষ্ঠ হয়েছিল। নিয়মিত স্কুলে আসত।
মাকে থানায় সোপর্দ: রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সোমেন বড়ুয়া শুরু থেকে এ ঘটনা সম্পর্কে খোঁজখবর রাখছেন। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছে। ভিসেরা প্রতিবেদনের জন্য তাঁরা অপেক্ষা করছেন। দুই শিশুর মা-বাবা-খালাকে র‌্যাব জিজ্ঞাসাবাদের পর গত রাতে মাকে থানায় হস্তান্তর করেছে। বাবা, খালা, গৃহশিক্ষসহ সাতজনকে র‌্যাব ছেড়ে দিয়েছে।