অনেক প্রশ্নেরই উত্তর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইলি ব্রিজ ভেঙে পড়ার গুজব ও রাজঘাটমুখী পুণ্যার্থীদের অতিরিক্ত চাপই লাঙ্গলবন্দের স্নানের দিনের দুর্ঘটনার কারণ। লাঙ্গলবন্দ স্নানে ১০ জনের প্রাণহানির ঘটনার তদন্তে গঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কমিটির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
তবে প্রতিবেদনে পরিকল্পিতভাবে কারা গুজব ছড়িয়েছে, স্নানলগ্ন শুরুর আগে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটরা যথাস্থানে দায়িত্বে ছিলেন কি না—এই বিষয়গুলো তদন্ত প্রতিবেদনে নেই। আবার স্নানের উৎসবটি জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারক করা সত্ত্বেও কেন বিশৃঙ্খলা সৃষ্টি হলো, সেসব বিষয়ে প্রতিবেদনে উল্লেখ নেই। স্নান ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক যিনি ছিলেন, তাঁকেই এই তদন্ত কমিটির আহ্বায়ক করায় এ নিয়েও বিতর্ক উঠেছে।
গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার কাছে তদন্ত প্রতিবেদন তুলে দেন কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত হোসেন খান। তিনিই জেলা প্রশাসন গঠিত স্নান ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক। গত ১৫ মার্চ নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে লাঙ্গলবন্দ মহাষ্টমী পুণ্যস্নান ২০১৫ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এই কমিটি গঠিত হয়। সভায় পুণ্যস্নান ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৩৭ সদস্যবিশিষ্ট একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক হয়ে আবার দুর্ঘটনার তদন্ত কমিটির আহ্বায়ক হওয়াটা কতটুকু সমীচীন, জানতে চাইলে গতকাল রাতে ইশরাত হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশে ওই কমিটিতে আমাকে আহ্বায়ক করা হয়েছিল। আবার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা তদন্তেও আমাকে আহ্বায়ক করা হয়েছে। এটি সাংঘর্ষিক কোনো কিছু নয়। স্নানে প্রাণহানির ঘটনাটি নিছক দুর্ঘটনা।’
তদন্ত প্রতিবেদনে ‘গুজব ছড়ানোর’ বিষয়ে উল্লেখ করা হলেও কারা, কী কারণে গুজব ছড়াল, সে বিষয়ে কোনো কিছু না থাকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়টি সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখবে।
তবে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক আবদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, স্নান উদ্যাপন কমিটির ব্যর্থতার জন্যই এত বড় দুর্ঘটনা ঘটল। এটা প্রশাসনিক ব্যর্থতা। এখন সেই কমিটির প্রধানকে দিয়ে তদন্ত করানোটা হাস্যকর বিষয়।