অনেক বিদ্যালয়ে ভর্তি ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত
টানা অবরোধের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করা এবং ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করার যুদ্ধ চলছে রাজধানীতে। ছুটির দিন শুক্রবার প্রায় সব স্কুল-কলেজে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। একই সঙ্গে বার্ষিক পরীক্ষা ও ভর্তি পরীক্ষা নিয়েছে কয়েকটি স্কুল। আবার নির্দিষ্ট সময় কমিয়ে বিভিন্ন ক্লাসের একাধিক পরীক্ষা নিয়েছে কিছু প্রতিষ্ঠান।
রাজধানীর সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুলে বিভিন্ন শ্রেণীতে ভর্তির পরীক্ষা ও লটারি অনুষ্ঠিত হয়েছে গতকাল। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন রাজধানীর ২৯টি স্কুলের মধ্যে গতকাল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, মতিঝিল সরকারি বালক ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ ২১টি স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি গ্রুপে ভাগ করে দুই পর্বে ভর্তি পরীক্ষা হয়। এক পর্বে নেওয়া হয় পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পরীক্ষা এবং আরেক পর্বে অনুষ্ঠিত হয় দ্বিতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ভর্তি পরীক্ষা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক) সাখায়েত বিশ্বাস প্রথম আলোকে জানান, আজ শনিবার অনুষ্ঠেয় ‘সি’ গ্রুপের আটটি স্কুলের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।
ভিকারুননিসা নূন স্কুল: স্কুলটির প্রথম শ্রেণীতে ভর্তির লটারি শুরু হয়েছে গতকাল। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা ও আজিমপুর ক্যাম্পাসের প্রভাতি ও দিবা শাখায় ভর্তিচ্ছুদের লটারি।
সকালে বেইলি রোডে মূল শাখায় শুরু হয় এই লটারি। এ সময় লটারিতে যেসব ছাত্রী ভর্তির জন্য মনোনীত হয়েছে তাদের অভিভাবকদের অভিব্যক্তি ছিল ‘সোনার হরিণ’ পাওয়ার মতো। বিপরীতে মেয়ে ভর্তির সুযোগ না পাওয়ায় অনেক অভিভাবককে মন খারাপ করে বের হয়ে যেতে দেখা যায়।
স্কুলের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, আজ শনিবার ইংরেজি ভার্সন, ধানমন্ডি ক্যাম্পাসের দিবা ও প্রভাতি শাখার লটারি হবে। শেষ দিনে আগামীকাল রোববার মূল ক্যাম্পাসের দিবা ও প্রভাতি শাখার লটারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।