
কাজে একেবারে অগ্রগতি না হওয়ায় উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ১৫টি লটের ৩০ ভবনের জন্য পুনর্দরপত্র আহ্বান করা হচ্ছে। এ ছাড়া আশাব্যঞ্জক অগ্রগতি না হওয়ায় আরও ১৮টি লটের দরপত্রও নতুন করে আহ্বান করা হতে পারে। এ অবস্থায় প্রকল্পের খরচে যোগ হবে অন্তত ৩০ শতাংশ বা ৮৪০ কোটি টাকা। শুরুতে প্রকল্পের ব্যয় ছিল দুই হাজার ৮০০ কোটি টাকা।
এই প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের ৪৫৪ কোটি ছয় লাখ ৫০ হাজার টাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে আছে। কিন্তু কাজে অগ্রগতি না থাকায় তাঁরা কবে নাগাদ ফ্ল্যাট পাবেন, তা অনিশ্চিত হয়ে পড়েছে।
রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, প্রকল্পের ঠিকাদার দেড় বছরের বেশি সময়ে কাজে তেমন অগ্রগতি করতে না পারার কারণে নতুন করে দরপত্র আহ্বান করতে হচ্ছে। গত মাসে ঠিকাদার এনা-ডুঙ্গা এএইচ কনস্ট্রাকশন ফার্ম এবং এনা-ডিডিজেকে ২৮ দিনের সময় বেঁধে দিয়ে ‘সন্তোষজনক অগ্রগতি না হলে’ কার্যাদেশ বাতিলের চূড়ান্ত নোটিশ দিয়েছিল রাজউক। ওই সময় পেরিয়ে গেছে। যেসব লটের পুনর্দরপত্র হবে, তার মধ্যে রাজউকের অধীনে থাকা এক থেকে ১০ নম্বর লট এবং গণপূর্ত অধিদপ্তরের অধীন ২৪ ও ২৫ নম্বর বাদে ২১ থেকে ৩২ নম্বর লট রয়েছে।
যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, বেঁধে দেওয়া সময়ে কাজের কোনো অগ্রগতি না হওয়ায় কিছু লটের চুক্তি বাতিল করে আবার দরপত্র আহ্বান করতেই হচ্ছে। এ ছাড়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ও খুঁটি থাকার কারণে পাঁচটি লটের স্থান পরিবর্তন করে ইতিমধ্যে পুনর্দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে তিনটি রাজউকের এবং দুটি গণপূর্ত অধিদপ্তরের অধীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যেসব লট বাতিল করে পুনর্দরপত্র আহ্বান করা হবে, সেগুলোর বেশির ভাগেরই ঠিকাদার রাজশাহী-৪ আসনের ক্ষমতাসীন দলের সাংসদ এনামুল হকের মালিকানাধীন এনা প্রপার্টিজ। এনামুল হক এনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক। গত রোববার যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজউক চিঠি দিতেই পারে। বেঁধে দেওয়া সময়ে কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। পুনর্দরপত্রের বিষয়ে তিনি কিছু জানেন না।
সাংসদ এনামুল বলেন, ‘আমাদের কাজগুলোর রি-টেন্ডার করতে পারবে না। তবে বিদ্যুৎ লাইনের জন্য যেগুলোর কাজ হয়নি, সেগুলো রাজউক রি-টেন্ডার করতে পারে।’ পুনর্দরপত্র আহ্বান করা হলে আপত্তি করবেন কি?—এ প্রশ্নে তিনি বলেন, ‘সে ক্ষেত্রে আমার কোম্পানি সিদ্ধান্ত নেবে।’
২ জুন অনুষ্ঠিত উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত বিশেষ সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ওই দিন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রকল্প এলাকা ঘুরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিশেষ সভায় মিলিত হন। সভায় প্রতিমন্ত্রী কাজের অগ্রগতি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তিনি রাজউক ও গণপূর্ত অধিদপ্তরের অধীনে যেসব লটে উপযুক্ত অগ্রগতি নেই, সেগুলো চুক্তিপত্রের বিধি মোতাবেক বাতিল করে পুনর্দরপত্র আহ্বানের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে রাজউকের অধীনে ৪০টি এবং গণপূর্ত অধিদপ্তরের অধীনে ৩৯টি ১৬তলা ভবন তৈরির কথা। এর মধ্যে ২০টি লটের কাজের জন্য রাজউক ও গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে ২০১১ সালের ডিসেম্বরে এনা-ডুঙ্গা এএইচ কনস্ট্রাকশন ফার্মের চুক্তি হয়। ডুঙ্গা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান।
এনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার অপর প্রতিষ্ঠান ডিডিজে যৌথভাবে ‘এনা-ডিডিজে কনস্ট্রাকশন ফার্ম’ নামে রাজউকের আরও পাঁচটি লটে ১০টি ভবনের কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত কোনোটিতেই কাজের তেমন অগ্রগতি নেই।
বরাদ্দপ্রাপ্তদের ৪৫৪ কোটি টাকা রাজউকের কাছে: এই প্রকল্পের ছয় হাজার ৬৩৬টি প্লট লটারি করে বরাদ্দ দেওয়া হয়। তাঁদের প্রত্যেকে রাজউককে জামানত দিয়েছেন তিন লাখ টাকা। এ ছাড়া তিন হাজার ৮০০ জন ইতিমধ্যে প্রথম কিস্তি বাবদ ছয় লাখ ৭১ হাজার ২৫০ টাকা করে দিয়েছেন। অর্থাৎ এই তিন হাজার ৮০০ জনের মোট ৩৬৯ কোটি সাত লাখ ৫০ হাজার টাকা রাজউকের কাছে জমা আছে। গত ৩১ মে এই কিস্তির টাকা জমা দেওয়ার শেষ দিনে আরও এক মাস সময় বাড়ানো হয়।
ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্ত যাঁরা প্রথম কিস্তির টাকা দেননি, তাঁদের জামানতের ৮৪ কোটি ৯৯ লাখ টাকাও রাজউকের কাছে রয়েছে। সব মিলিয়ে রাজউকে জমা আছে ৪৫৪ কোটি ছয় লাখ ৫০ হাজার টাকা। এসব ফ্ল্যাটের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ২০১৪ সালের মধ্যে আর বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের বুঝিয়ে দেওয়ার কথা ২০১৬ সালের মধ্যে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।