অনেক মন্ত্রী ডিজিটাল প্রতিবন্ধী: ইনু
বিভিন্ন মন্ত্রণালয়ের সমালোচনা করে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল সরকারের অনেক মন্ত্রী ও প্রশাসন ডিজিটাল প্রতিবন্ধী। তাঁদের সুস্থ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তা না হলে এসব ডিজিটাল প্রতিবন্ধী মন্ত্রীকে দিয়ে ডিজিটাল বাংলাদেশ হবে না বলেও মন্তব্য করেন তিনি।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সেমিনারে বর্তমান মহাজোট সরকারের শরিক এই নেতা এসব কথা বলেন। কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তকরণ বিষয়ে এই সেমিনারের আয়োজন করে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা। টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু তথ্য ও প্রযুক্তি এবং টেলিযোগাযোগ দুটি আলাদা মন্ত্রণালয়ের প্রয়োজন নেই বলে মনে করেন। তিনি এ মন্ত্রণালয় দুটিকে এক করে যোগ্য একজন মন্ত্রীকে এর দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।হাসানুল হক ইনু চোর, খুনি ও যুদ্ধাপরাধীদের রাজনীতি থেকে বর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংলাপে ঐকমত্য প্রয়োজন। শুধু এটি হলেই শান্তি আসবে না। শান্তির জন্য দরকার যুদ্ধাপরাধীদের বর্জনে জাতীয় ঐকমত্য।প্রতিবন্ধীদের জন্য আগামী বাজেটে সহায়ক বরাদ্দ রাখার কথা বলেন হাসানুল হক ইনু।