অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ-সবল ও শিক্ষিত জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। প্রত্যেক ছাত্রছাত্রীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল শুক্রবার সরকারি শারীরিক শিক্ষা কলেজে ৩৯তম গ্রীষ্মকালীন ‘জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০১০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার সুন্দর পরিবেশের জন্য মাঠ একটি অত্যাবশ্যকীয় বিষয়। কিন্তু আজকাল অনেক স্কুল-কলেজে মাঠই নেই। তা ছাড়া শিক্ষক-অভিভাবকেরা লেখাপড়ার বিষয়টি অধিক গুরুত্ব দিলেও ক্রীড়া ও সংস্কৃতিচর্চাকে আমলেই নেন না। ফলে সমাজে অনেক ভালো ছাত্রছাত্রী সৃষ্টি হলেও ভালো ও যোগ্য মানুষ কতজন সৃষ্টি হচ্ছে—তা ভেবে দেখার বিষয় বলে তিনি মন্তব্য করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামালউদ্দিন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক শামসুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। উল্লেখ্য, গতকাল থেকে ঢাকায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৩৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০১০।