অনেক শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি নতুন বই, আছে নানা ত্রুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ২ জানুয়ারি থেকে পাঠদান শুরু হয়েছে। কিন্তু নানা কারণে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছায়নি। অনেক স্থানে চাহিদার তুলনায় কম পাঠানো হয়েছে। ময়মনসিংহে সরবরাহ করা বইয়ে নানা ধরনের ত্রুটি পাওয়া গেছে।কাউখালীতে ১২০০ শিক্ষার্থী বই পায়নি: রাঙামাটি জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে পাঠানো চাহিদাপত্রের তথ্য ছকে ভুলে কয়েকটি বিদ্যালয়ের কর্তৃপক্ষ গত বছর ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে। এতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে প্রকৃত শিক্ষার্থীর সংখ্যার তুলনায় কাউখালীতে কম বই বরাদ্দ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু দাউদ মো. গোলাম মোস্তফা জানান, এক হাজার থেকে এক হাজার ২০০ শিক্ষার্থী বই পাচ্ছে না। এনসিটিবিতে নতুন করে চাহিদাপত্র দেওয়া হয়েছে। বাগমারায় মাদ্রাসা ও কারিগরি শাখার শিক্ষার্থীরা বই পায়নি: উপজেলার ৪৭টি দাখিল মাদ্রাসার সাত হাজার ৫১০ জন ও ১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থীকে এখন পর্যন্ত নতুন বই দেওয়া সম্ভব হয়নি। ভবানীগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান জানান, তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের কারিগরি শাখার শিক্ষার্থীরা বই পায়নি। বই ছাড়া ক্লাস নেওয়া যাচ্ছে না। খাজাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মনিরুল ইসলাম জানান, তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখনো বই পায়নি। সিরাজগঞ্জে চারটি বিষয়ের বই পৌঁছায়নি: জেলার নয়টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য ১৮ লাখ বইয়ের চাহিদা থাকলেও গত সপ্তাহ পর্যন্ত ১৫ লাখ ২৪ হাজার বই পাওয়া গেছে। এখন পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা, তৃতীয় শ্রেণীর ইংরেজি, চতুর্থ শ্রেণীর সমাজবিজ্ঞান ও পঞ্চম শ্রেণীর সমাজবিজ্ঞান বিষয়ের বই পাওয়া যায়নি। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের মনিটরিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ ফারুক জানান, যেসব বই পাওয়া যায়নি সেগুলো দ্রুত সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। টাকা না দেওয়ায় বই পায়নি শিক্ষার্থীরা: টাকা না দেওয়ায় চট্টগ্রামের পটিয়ার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীকে বই না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আরার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ বলেন, ‘এ অভিযোগের ব্যাপারে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ প্রধান শিক্ষিকা শামীম আরা বলেন, ‘বইয়ের জন্য কোনো টাকা চাওয়া হয়নি। বিদ্যালয়ের পোশাক তৈরির জন্য শ্রেণীভিত্তিক ৭০০ থেকে এক হাজার টাকা করে অভিভাবকদের কাছে চাওয়া হয়েছে।’ নতুন বইয়ে নানা ক্রটি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিশ্বেশ্বরী পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রী ফাতেমা-তুজ জোহরা ও তার বাবা মো. মুখলেছুর রহমান জানান, অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ে ‘মানবদেহ’ অধ্যায়টি একবারের স্থলে পরপর তিনবার মুদ্রণ করা হয়েছে। এতে সূচিপত্রের সঙ্গে পাতার নম্বরের কোনো মিল নেই। অধ্যায় শেষে অনুশীলনী নেই।প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি ও সিরাজগঞ্জ, এবং কাউখালী, বাগমারা (রাজশাহী) পটিয়া (চট্টগ্রাম) ও ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।