প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বিচারকদের সঠিকভাবে বিচার করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘অনেক সময় নিম্ন আদালতে মামলার অনেক গুরুত্বপূর্ণ আসামিকে খালাস দেওয়া হয়, যা অন্যায়। কোনোভাবেই যেনতেনভাবে রায় দেওয়া চলবে না। সঠিক বিচার করতে হবে।’‘জনগণের শেষ ভরসা আদালত’ মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, ‘কোনোভাবেই জনগণ যেন আদালতের কোনো রায়ের মাধ্যমে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও রবীন্দ্র-নজরুলজয়ন্তী উপলক্ষে সমিতির ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, বিচারকদের কেবল রায় লিখলেই চলবে না, বিচার প্রশাসন যাতে ভালোভাবে চলে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি বলেন, ‘ঢাকা মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, মুখ্য মহানগর হাকিম ও মুখ্য বিচারিক হাকিম আদালতের প্রত্যেক বিচারককে নির্দেশ দিচ্ছি, মামলার নকল কপি তুলতে বিচারপ্রার্থীদের কোনো কষ্ট হচ্ছে কি না, তা খেয়াল রাখবেন।’ তিনি বলেন, ‘ঢাকার আদালতে কিছু অবাঞ্ছিত লোক ঘোরাঘুরি করে, এ খবর আমার কাছে আছে। তাদের চিহ্নিত করে আইনের মুখোমুখি করতে বিচারকদের অনুরোধ করছি। আদালতে যাতে কোনো প্রকারের অনিয়ম-দুর্নীতি না হয়, সে ব্যাপারে আপনাদের (বিচারকদের) খেয়াল রাখতে হবে।’বিচারপ্রার্থীদের সঠিক সমাধান দেওয়াই আদালতের কাজ মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, ‘মাঝে মাঝে কিছু বিচারকের অনিয়মের খবর কানে আসে। তখন খুব কষ্ট পাই। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।’ প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে বলেন, দেওয়ানি মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) নিয়ম চালু হওয়ার কারণে মামলার জট কমে যাবে। ফৌজদারি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আইন করার বিষয়টি প্রক্রিয়াধীন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার দায়রা জজ জহুরুল হক, জেলা ও দায়রা জজ আবদুল মজিদ, মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন, মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহাসহ অন্য বিচারকেরা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম আলী হোসেন।