অনেক সুপারিশ বাস্তবায়ন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ও সেনাবাহিনীর পক্ষ থেকে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছিল। এ দুটি কমিটি এ ঘটনার তদন্ত ও ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে বেশ কিছু সুপারিশ করেছিল। কিন্তু দুই কমিটির অনেক সুপারিশই বাস্তবায়িত হয়নি।

আনিস-উজ-জামান কমিটির সুপারিশ: বিডিআর বিদ্রোহের পর সাবেক সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। ২০০৯ সালের ৩ মার্চ থেকে এ কমিটি কাজ শুরু করে। চার দফা সময় বাড়ানোর পর ওই বছরের ২১ মে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে জমা দেয়। কমিটি স্বল্প ও দীর্ঘমেয়াদি ২৩ দফা সুপারিশ করেছে। স্বল্পমেয়াদি সুপারিশের মধ্যে রয়েছে, সেনা আইনে দ্রুত বিচার করা, বিডিআরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা, নিহত পরিবারগুলোকে পুনর্বাসন করা, অশনাক্ত মৃতদেহ শনাক্ত করা, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা, হতাহত সামরিক ও বেসামরিক লোকদের ক্ষতিপূরণ দেওয়া।

দীর্ঘমেয়াদি সুপারিশের মধ্যে ছিল, এ ধরনের জাতীয় সংকট মোকাবিলায় সর্বোচ্চ পর্যায়ে একটি ‘জাতীয় সংকট মোকাবিলা কমিটি’ গঠন করা। এ ছাড়া বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্র যথাসময়ে উদ্ঘাটনে ব্যর্থতা এবং বিদ্রোহ দমনে সময়োপযোগী সিদ্ধান্ত প্রদানে ব্যর্থ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।

সেনা তদন্ত আদালত: ঘটনা তদন্তে সেনাবাহিনীর পক্ষ থেকে তৎকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছিল। ২০০৯ সালের ১১ মে এ আদালত তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।

আদালতের সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো, সব বাহিনীতে বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড করে আইন তৈরি করা। এর মধ্যে বিডিআরের জন্য নতুন একটি আইন হয়েছে। সেই আইনে বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে।

আদালতের সুপারিশে বিদ্রোহের ব্যাপারে আগাম তথ্য সংগ্রহে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থাগুলোকে আধুনিক, যুগোপযোগী ও সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান এবং পুনর্গঠনের জন্য সুপারিশ করা হয়েছিল। জানা গেছে, এরপর কিছু সেনা কর্মকর্তাকে বদলি করা হয়।

এ ধরনের দুর্যোগ, সংকট বা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে জাতীয়ভিত্তিক একটি স্থায়ী ‘ব্যবস্থাপনা সেল’ গঠনের সুপারিশ করা হয়েছিল। এ ছাড়া তদন্ত আদালতের সুপারিশে গোয়েন্দা সংস্থাগুলোতে আধুনিক, যুগোপযোগী, সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান ও পুনর্গঠনের জন্য সুপারিশ করা হয়েছিল।

সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, এসব দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। স্বাভাবিকভাবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগবে। তবে ইতিমধ্যে বাহিনীর ভেতরে অনেক পরিবর্তন এসেছে।