নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে রাস্তা প্রশস্তকরণের কাজ করার সময় কাটা পড়ে তছনছ হচ্ছে বিটিসিএলের ভূগর্ভস্থ কেব্ল। মূল্যবান এসব কেব্ল রক্ষায় বিটিসিএল কিংবা সওজের কার্যকর কোনো উদ্যোগ নেই। বিটিসিএলের চৌমুহনী ডিজিটাল একচেঞ্জের আওতাধীন প্রায় সাড়ে চার হাজার টেলিফোন লাইন রয়েছে। এর মধ্যে সংযোগ আছে দুই হাজার ৪০০ লাইনের। আর বাকি লাইনগুলোর কেব্ল টানা হলেও সংযোগ দেওয়া হয়নি। কেব্ল কাটা পড়ায় প্রায় ৫০টি সংযোগ এখন বিচ্ছিন্ন রয়েছে।জানা গেছে, গত বছরের অক্টোবরে সড়ক ও জনপথ বিভাগের সওজের সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা থেকে চৌমুহনী পৌরসভা সীমানা পর্যন্ত চার লেন সড়কের নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজে সওজের ঠিকাদারি প্রতিষ্ঠান এসকেলেটর মেশিন ব্যবহারের কারণে রাস্তার দুই পাশ দিয়ে যাওয়া বিটিসিএলের ভূগর্ভস্থ কেব্লগুলো অসংখ্য স্থানে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এতে চৌমুহনী ডিজিটাল একচেঞ্জের আওতাধীন কয়েক শ টেলিফোন বিকল হয়ে পড়ে, যা পরবর্তী সময় বিটিসিএলের কর্মীরা মেরামত করেন।বিটিসিএলের নোয়াখালী বিভাগীয় প্রকৌশলী বিকাশ রঞ্জন বৈদ্য জানান, কাটা যাওয়া কেব্লগুলো নতুন করে বসাতে প্রায় দুই কোটি পাঁচ লাখ টাকা লাগবে। এ জন্য তাঁরা সওজের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। ইতিমধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়া গেছে। সেই টাকা দিয়ে কেটে যাওয়া কেব্ল মেরামত করা হয়েছে এবং রাস্তার কাজ শেষ হলে কেব্লগুলো আবার মাটির নিচে বসিয়ে দেওয়া হবে।নোয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী সাইফুল আলম জানান, রাস্তা সওজের। রাস্তার কাজ শুরুর আগেই তাঁদের লাইন সরিয়ে নিতে চিঠি দেওয়া হয়েছে। তাঁরা সরিয়ে নেননি। তা ছাড়া সওজের লোকজনও জানেন না কোন জায়গা দিয়ে বিটিসিএলের কেব্ল বসানো আছে। তাই কাজ করার সময় কেব্ল কাটা পড়েছে। এর পরও বিটিসিএলের অনুরোধে সাধ্যানুযায়ী ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।