অনেক স্মৃতি নিয়ে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘পাঁচ দিন ভালো ছিলাম। হাওরের আলো-বাতাস গায়ে লাগিয়ে আর পানি দেখে কাটিয়েছি। আজ আবার বঙ্গভবনে ফিরে যাব। সেখানে রাজার হালে থাকা-খাওয়া চলবে। কিন্তু চোখ বন্ধ করলেই ভেসে উঠবে হাওরের স্মৃতি আর ৫৪ বছর যাঁদের নিয়ে রাজনীতি করেছি, সেই সব মানুষের মুখ।’
গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা আইনজীবী ভবনে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘সংবিধান আমাকে অনেক ক্ষমতা দিয়েছে। বিবেক-বিবেচনা করে অনেক কিছুই করতে পারি না।’ ক্ষমতা শব্দটির বিরোধিতা করে তিনি বলেন, ‘পাওয়ার শব্দটি শুনতে কেমন জানি লাগে। ক্ষমতার অপব্যবহার করার মতো কিছু বোঝায়। আমি মনে করি, রাষ্ট্রপতি হিসেবে আমার ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। ক্ষমতা প্রদান করা হয়নি।’
দুপুর দেড়টার দিকে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করেন।