অনেককেই পথে বসিয়েছেন রানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহেল রানা
সোহেল রানা

সহস্রাধিক মানুষের প্রাণসংহার। হাজারো মানুষের রক্ত আর পঙ্গুত্বের জীবন। এতেই শেষ হচ্ছে না রানা প্লাজা ধসের ইতিহাস। ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা আরও অনেককেই পথে বসিয়েছেন।
ধসে পড়া ভবনের চাপে পাশের রবীন্দ্র সরকারের শুধু ভবনই ভাঙেনি, কেড়ে নিয়েছে স্বাচ্ছন্দ্যের জীবনও। রানা প্লাজায় দোকানের মালিক কিংবা সেখানে ব্যবসা করা তিন শতাধিক লোকও প্রায় নিঃস্ব। কারও কেনা দোকান গেছে। কারও গেছে ব্যবসার পুঁজি। রানা প্লাজার ব্যবসায়ীরা সাধারণত দোকান খুলতেন সকাল সাড়ে নয়টায়। এর আগেই ভবন ধসে পড়ায় তাঁদের প্রাণ রক্ষা পেলেও হারিয়েছেন সচ্ছল ও স্বাচ্ছন্দ্যের জীবন।
ব্যবসায়ীরা জানান, রানা প্লাজার নিচতলা ও দ্বিতীয় তলায় ১৪১টি দোকান ছিল। এর মধ্যে আট-নয়টি রানার নিজের। বাকিগুলোর সবই বিক্রি করা হয়েছিল।
পুঁজি হারানোদের বিচিত্র গল্প: দেলোয়ার হোসেন ধারদেনা করে রানা প্লাজায় একটি কাপড়ের দোকান দিয়েছিলেন। পরিবার নিয়ে ভালোই দিন কাটছিল তাঁর। কিন্তু রানা প্লাজা ধসে মুহূর্তের মধ্যে সব ওলটপালট হয়ে যায় দেলোয়ারের। ব্যবসায়ী থেকে এখন দারোয়ানে পরিণত হয়েছেন। দেলোয়ার বলেন, ‘পরিবারের সদস্যদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। নিজে আশুলিয়ায় একটি কারখানায় দারোয়ানের কাজ করছি। পেট তো চালাতে হবে।’
রানা প্লাজা ধসের পর সেখানকার কিছু কিছু ব্যবসায়ী সাভার নিউমার্কেটসহ বিভিন্ন স্থানে ধারদেনা করে দোকান দিয়েছেন। যাঁরা সে রকম ব্যবস্থা করতে পারেননি, তাঁদের অনেকেই সাংবাদিক এসেছে জেনে সেখানে জড়ো হন।
মো. সেলিম জানান, দুই লাখ টাকা অগ্রিম দিয়ে একটি দোকান ভাড়া নিয়ে বুটিকের ব্যবসা শুরু করেছিলেন। এখন তিনি সাভার সিটি সেন্টারে একটি দোকানের বিক্রয়কর্মী। হঠাৎ এই ছন্দপতনে স্ত্রী ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে গেছেন।
আরেক ব্যবসায়ী সানোয়ার হোসেন বলেন, ৪০ লাখ টাকায় দুটি দোকান কিনেছিলেন তিনি। একটিতে নিজে কসমেটিকসের দোকান দিয়েছিলেন, অন্যটি ভাড়া। ভবন ধসে দুটিই গেছে। সঙ্গে গেছে প্রায় ১৬ লাখ টাকার মালামাল। সানোয়ার জানান, যে দোকানটি ভাড়া দিয়েছিলেন, সেই দোকানের ব্যবসায়ীর কাছ থেকে তিনি দুই লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন। ওই দোকানদার কয়েক লাখ টাকার মালামাল হারিয়ে অগ্রিম টাকা চাইছেন। তিনি বলেন, ‘নিজেই খাইতে পারি না। অগ্রিম টাকা ফেরত দেব কীভাবে?’
রূপের নারী বুটিকের দোকান ছিল মো. রাসেলের। তিনি জানান, দোকানমালিককে সাড়ে তিন লাখ টাকা অগ্রিম দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। ব্যবসাও ভালোই চলছিল। এখন রাসেল পুরোপুরিই বেকার। ওই দোকানের মালিক মোখলেছুর রহমান বলেন, তিনি বিদেশে চাকরি করে কষ্টের টাকায়

দোকানটি কিনেছিলেন। এখন দুজনই সব হারিয়েছেন।
ফারিয়া ফ্যাশন, খাদি আড়ং ও লেইস হাউস নামে তিনটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন মো. ফারুক ও তাঁর ভাই। ফারুক জানান, দোকানমালিককে অগ্রিম দিয়েছেন তিন লাখ টাকা। আর দোকানে মালামাল ছিল প্রায় ৩০ লাখ টাকার। সব হারিয়ে এখন পোশাক কারখানায় কাজ নিয়েছেন। স্ত্রী-সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।
রবীন্দ্রের দুঃখ শেষ হচ্ছে না: ধসে পড়া রানা প্লাজার দক্ষিণ পাশ ঘেঁষেই ছিল তিনতলা ভবন। ভবনটির মালিক ব্যবসায়ী রবীন্দ্রনাথ সরকার। রানা প্লাজা ধসের সময় তাঁর ভবনের অধিকাংশই গুঁড়িয়ে যায়। ভবনে থাকলেও সৌভাগ্যক্রমে স্ত্রী অরুণা সরকারসহ বেঁচে যান তিনি। তবে বাসার গৃহপরিচারিকা কল্পনার মেয়ে শুক্লাসহ (৯) মারা যায় তাঁর প্রতিষ্ঠানের চার কর্মচারী।
রবীন্দ্রনাথ বলেন, রানা প্লাজার দক্ষিণ ও পূর্ব পাশে ছোট বলিমেহের মৌজায় তাঁর এক একরেরও বেশি জমি রয়েছে। এর মধ্যে রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আবদুল খালেকের কাছ থেকে ক্রয় করেছিলেন সাড়ে চার শতাংশ। ভবন ধসের পর রানার মালিকানাধীন জমির সঙ্গে তাঁর প্রায় সব জমি কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দিয়েছে স্থানীয় প্রশাসন। এখনো ওই জমি সরকারের হেফাজতেই রয়েছে।
রবীন্দ্রনাথ আরও বলেন, রানার বাবার কাছ থেকে কেনা জমির দখল নেওয়ার পাশাপাশি সেখানে ভবন নির্মাণ করতে গিয়ে তাঁকে রানার বাধার মুখে পড়তে হয়। এ নিয়ে মামলা করেও আইনগত কোনো সহায়তা পাননি। ওই জমি নিয়ে বিরোধের জের ধরে রানার ভয়ে তাঁকে দেশ ছেড়ে পালিয়েও থাকতে হয়েছে। বছর খানেক পালিয়ে থাকার পর দুই প্রধান দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সহায়তায় তিনি ওই জমির দখল পান। এখন আর কিছুই নেই।