অনেকে বন্দরকে ধ্বংস করার পাঁয়তারা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি শক্তির হাতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের পরিচালনা তুলে দেওয়ার চক্রান্ত প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল বুধবার বন্দর রিপাবলিক ক্লাবে ইফতার উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। ডক বন্দর শ্রমিক কর্মচারী পরিষদ এ ইফতার মাহফিলের আয়োজন করে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, সরকারের মধ্যে অনেকে চক্রান্ত করছে। তারা বন্দরকে ধ্বংস করার পাঁয়তারা করছে। দেশীয় প্রতিষ্ঠানকে অদক্ষ হিসেবে আখ্যায়িত করে কাজ না দেওয়ার টালবাহানা চলবে না।
বন্দরের জেটি পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডকে চক্রান্তকারী হিসেবে আখ্যায়িত করে মহিউদ্দিন বলেন, ‘বন্দর কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক। সব কাজ বাগিয়ে নিচ্ছে এটি। এটি হতে দেওয়া হবে না। এই প্রতিষ্ঠানের চক্রান্ত রুখে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করেন।’
সমাবেশে সভাপতিত্ব করেন ডক বন্দর শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি মাহফুজুর রহমান খান। পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আহাদের সঞ্চালনায় সমাবেশে অংশ নেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, নগর আওয়ামী লীগের সদস্য রোটারিয়ান মো. ইলিয়াছ, বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।
সাংসদ মঈন উদ্দীন খান বাদল বলেন, এ সরকারের আমলে উন্নয়ন হয়েছে যেমন সত্য, তেমনি বাংলাদেশে যে বৈষম্য বাড়ছে, সেটিও সত্য। তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, হাজার হাজার শ্রমিকের জীবন কয়লা হয়ে যাবে আর সাইফ পাওয়ারটেক একচেটিয়া ব্যবসা করবে, এটি কোথায় লেখা আছে? সব যদি বেসরকারি খাতে দিয়ে দিতে হয়, তাহলে মন্ত্রিসভা, প্রধানমন্ত্রীর পদও বেসরকারি খাতে দেওয়া হোক।’