অনেকে মানসিকভাবে বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিহাব ঘুমের মইধ্যে ফাল পাড়ে। খালি আগুন আগুন কয়। রাইতে ঘুমায় না। যহোন আর জাগতে পারে না তহোন ঘুমায়। স্কুল তো নেওনই যায় না। ওই রাস্তায়ই যাইতে চায় না। অখোন কী করুম কন।’ নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৯৪ নম্বর আগা সাদেক রোডের বাসিন্দা মোহাম্মদ সোহেল এভাবেই তাঁর ছোট ছেলে শিহাবের মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কথা জানান। কয়েক দিন ধরে ছেলের জন্য মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছেন তিনি। নিমতলীর অগ্নিকাণ্ডে নিহতদের অনেক স্বজনই কম-বেশি এমন মানসিক বিপর্যয়ে পড়েছেন।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নবাব কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ৪১২ জন। গত ৪ জুন থেকে ১২ জুন পর্যন্ত আট দিন ধরে কেউই স্কুলে আসেনি। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাজাহান প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন ধরে আমরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের স্কুলে আনার চেষ্টা করছি। কিন্তু অনেকেই ভয়ে স্কুলে আসতে চায় না। কারণ অগ্নিকাণ্ডের পর এই স্কুলেই সব লাশ রাখা হয়েছিল।’ এই স্কুলের তৃতীয় শ্রেণীর শম্পা, জেসমিন আক্তার ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হাফিজুর রহমান আগুনে পুড়ে মারা গেছে। সহপাঠীদের অনেকেই জানে না যে শম্পা-জেসমিনরা বেঁচে নেই। তৃতীয় শ্রেণীতে পড়ে শম্পার সহপাঠী মনিকা আক্তার। মনিকা জানায়, ‘আমাকে ভাইয়া স্কুলে দিয়ে গেছে। ভাইয়া বলেছে, শম্পাকে নিয়ে ওর বাবা-মা দেশের বাড়ি গেছে।’ এভাবেই ছোট্ট শিশুদের সান্ত্বনা দিয়ে স্কুলে আনার চেষ্টা করছেন অভিভাবকেরা। ভয়-আতঙ্ক এড়াতে বড়রাও এই এলাকা ছেড়ে যাচ্ছেন। দেখা গেছে, নিহতদের স্বজনেরা অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। ভাড়াটে বাসিন্দারাও বাসা বদলের প্রস্তুতি নিচ্ছেন। এমন একজন মোহাম্মদ উজ্জ্বল বলেন, ‘আমি বাসা এখনো ঠিক করতে পারিনি। বাসা পাওয়ার সঙ্গে সঙ্গে এই এলাকা ছেড়ে চলে যাব।’ উজ্জ্বল পুড়ে যাওয়া ভবনের পাঁচতলায় থাকতেন। ওই বাসার পাঁচজন মারা গেছেন। মনোচিকিৎসা শিবির: এদিকে অগ্নিকাণ্ডকবলিত এলাকার লোকজনের মনোবল বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। নবাব কাটরা পঞ্চায়েত কার্যালয়ে প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মানসিক রোগ বিশেষজ্ঞ আসছেন পরামর্শ ও চিকিৎসা-সহায়তা দিতে। মনোরোগ বিশেষজ্ঞ ঝুনু শামসুন্নাহার প্রথম আলোকে বলেন, যাঁরা আসছেন তাঁদের সবারই সমস্যা প্রায় একই রকম। ঘুম না হওয়া, ঘটনার স্মৃতি বারবার মনে পড়া, ঘটনাটি স্বপ্নে দেখা, আবার ঘটতে পারে এমন আশঙ্কা, মনোযোগ ধরে রাখতে না পারা, কাজে আগ্রহ না থাকা, মেজাজ খিটখিটে হওয়া, হঠাৎ চমকে ওঠা, দুর্ঘটনার কথা শুনতে না চাওয়া এবং ঘটনার জায়গা এড়িয়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এই দুঃসহ অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে শিশুদের অবস্থা আরও খারাপ হতে পারে।’ এ ছাড়া মনোবিকাশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানও এখানে অস্থায়ী চিকিৎসাশিবির করে চিকিৎসা দিচ্ছে। এর মনোরোগ বিশেষজ্ঞ লুৎফুন্নাহার বেগম জানান, গত শনিবার থেকে তাঁরা ১৫ দিনের এই চিকিৎসা শিবির খুলেছেন। প্রতিদিন ছয়-সাতজন লোক আসছেন সহায়তা নিতে।দুর্গন্ধ যায়নি: নিমতলীর নবাব কাটরায় এখনো পুড়ে যাওয়া ভবন দেখতে আসছেন অনেক কৌতূহলী মানুষ। এলাকা থেকে পোড়া গন্ধ পুরোপুরি যায়নি। ঘর-দোকান বা নর্দমার সামনে দাঁড়ালে, কটুগন্ধ নাকে ঝাপটা দেয়। তবে এলাকার পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ স্বাভাবিক হয়েছে। ওয়াটার ওয়ার্ক্সের ওয়াসার নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম নবাব কাটরার বাসিন্দাদের সব ভূগর্ভস্থ পানির আধার পরিষ্কার করে নতুন করে পানি ভরতে পরামর্শ দিয়েছেনন।