অনেকে যুঝছেন, যুঝবেন বাকি জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন রিপন মিয়া। ছবি: মনিরুল আলম
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন রিপন মিয়া। ছবি: মনিরুল আলম

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট মানেই অসহ্য যন্ত্রণা, চিত্কার, কান্না, দীর্ঘশ্বাস। কিন্তু এই মর্মন্তুদ আর্তনাদের মধ্যেও চারতলার পুরুষ ওয়ার্ডের কোনার দিকে দেখা গেল বিছানায় হাসি হাসি মুখ করে বসে আছেন হরতালের আগুনে পোড়া আবুল কালাম আজাদ। দুই মাস পর বাড়ি ফেরার ছাড়পত্র পেয়েছেন তিনি।
আজাদের সহযাত্রীদের অনেকেই এর মধ্যে চলে গেছেন না ফেরার দেশে, অনেকে এখনো মৃত্যুর সঙ্গে যুঝছেন, যুঝবেন বাকি জীবন।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি-জামায়াত ২৭ অক্টোবর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত হরতাল-অবরোধ করে। এ সময় রাজধানীসহ বিভিন্ন জায়গায় চলন্ত গাড়িতে আগুন দেওয়ার ও পেট্রলবোমা মারার কারণে মৃত্যু হয় ২২ জনের। এ ছাড়া দীর্ঘ চিকিত্সা নিয়েছেন ৯০ জন মানুষ। তাঁদের প্রায় সবাই খেটে খাওয়া সাধারণ মানুষ, কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তালিকায় আছেন প্রিসাইডিং কর্মকর্তাও।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল ‘প্রথম আলো’কে বলেন, এখনো হাসপাতালে ২৯ জন চিকিত্সাধীন। তাঁদের দুই-তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

যাঁরা হরতালের আগুনে পুড়ে মারা গেছেন, তাঁদের স্বজনেরা কষ্টে আছেন। যাঁরা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তাঁরা উদ্বিগ্ন ভবিষ্যত্ নিয়ে। পোড়া শরীর নিয়ে যুঝছেন যিনি, তিনি বেঁচে থাকবেন কি না, জানেন না। বেঁচে থাকলে পরিবার-পরিজন নিয়ে খেয়েপরে বাঁচবেন কি না, সে চিন্তায় অস্থির।

আজ বুধবার সন্ধ্যায় কথা হয় হরতালের আগুনে পুড়ে মরা মন্টু পালের শ্বশুর পরেশ পালের সঙ্গে। মূর্তি গড়ার কারিগর পরেশ জানান, তাঁরা কোনোরকমে বেঁচে আছেন। দরিদ্র মন্টু তাঁর স্ত্রী সঞ্চিতা পালের জন্য একটা কানাকড়িও রেখে যেতে পারেননি। পরেশ জানান, নিজের পেটে ভাত জোটে না বলেই নবম শ্রেণী পড়ুয়া মেয়ে সঞ্চিতাকে বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। ২১ বছরে বিধবা হওয়া সঞ্চিতা এখন তাঁর সঙ্গেই থাকেন। অর্ধাহারে-অনাহারে দিন কাটে। ‘প্রথম আলো’কে পরেশ বলেন, ‘ছেলেটা আমার আই এ পাস করেছে, সে-ই এখন ভরসা। মা তার কি একটা চাকরি হবি? চাকরি না হলি কি করে বাঁচব আমরা?’


বার্ন ইউনিটের পুরুষ ওয়ার্ডে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন অটোরিকশার চালক রিপন মিয়া। দেড় মাস ধরে চিকিত্সা চলছে তাঁর। শ্বাসতন্ত্রসহ পুড়ে গেছে শরীরের ৩৫ শতাংশ। একটা চোখ নষ্ট হয়ে গেছে। বিছানার পাশে গিয়ে দাঁড়াতেই বললেন, ‘বাড়িতে খাবার ছিল না, কোনো খাবার ছিল না। মালিক সিএনজি দিতে চায়নি। আরেকজনের সিএনজি ধার করে রাস্তায় বেরিয়েছিলাম। গ্রামের বাড়ি থেকে ফেনী শহর পর্যন্ত পৌঁছেছি। গাড়ি জ্বালায়া দিল। কোনো দিন কারও কাছে হাত পাতিনি। গতর খাটিয়ে রোজগার করি। কিন্তু এখন সাহায্য চাই। আপনারা আমাকে সাহায্য করেন। নইলে চলব কেমনে?’ ঝরঝর করে কাঁদতে থাকেন রিপন। চোখ মোছেন তাঁর অল্পবয়সী স্ত্রী।


নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কোমল পরিবহনের বাসের যাত্রী ছিলেন আবুল কালাম আজাদ। রায়েরবাগে বাসে আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। মৃত্যুর সঙ্গে লড়েছেন এতগুলো দিন। ছাড়পত্র পেয়ে খুশি। মনে আশা, হয়তো সরকার সাহায্য সহযোগিতা করবে। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন বার্ন ইউনিটে আসছিলেন, তখন বইলা গেছেন আমার মেয়েরে চাকরি দেবেন। আমি তো মেয়ের চাকরির দরখাস্ত নিয়াই আসতেছিলাম।’ সুস্থ হওয়ার পর থেকে আজাদের একটাই চিন্তা, তাঁর ধারদেনা শোধ করবেন কীভাবে? কে এসে দাঁড়াবে পাশে?