অনেকেই বাধা, হুমকি ও হয়রানির কথা জানালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় বাধা, হুমকি ও পুলিশি হয়রানির কথা জানালেন কেউ কেউ। অনেকেই বললেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজেও তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না। এ পরিস্থিতিতে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ভোটের আগে সেনা মোতায়েন দাবি জানিয়েছেন প্রার্থীরা।
গতকাল সোমবার দুপুরে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় সভায় মেয়র প্রার্থীরা এসব কথা বলেন। তাঁদের সঙ্গে বেশির ভাগ কাউন্সিলর প্রার্থী একমত প্রকাশ করেন।
অবশ্য আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন নির্বাচন কমিশন ও পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেন।
তবে প্রার্থীদের শঙ্কা ও দাবির কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ তাঁদের আশ্বস্ত করেন। তিনি বলেন, উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমিশন দৃঢ় প্রত্যয়ী। এ জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাঈদ খোকন বলেন, তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অভিযোগ করেন যে তিনি না কি বাড়তি সুবিধা পাচ্ছেন। এ ধরনের ঢালাও অভিযোগ না করতে তিনি আহ্বান জানান।
বিএনপি-সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে মতবিনিময়ে উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী আবদুস সালাম। তিনি নির্বাচন উপলক্ষে সেনা মোতায়েনের দাবি জানান। তিনি অভিযোগ করেন, তাঁর প্রার্থী আতঙ্কিত ও শঙ্কিত। ভোটের আগেই যেন কেন্দ্র দখল হয়ে না যায়। কমিশনের কাজে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
সেনা মোতায়েন হলে ভোটের দিন জনগণের মধ্যে ইতিবাচক বিশ্বাস জন্মাবে বলে মত দেন জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী মো. সাইফুদ্দিন আহমেদ মিলন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী বাহারানে সুলতান বলেন, ভোটের তিন দিন আগে থেকে মোবাইলে টাকা লেনদেনের সব ব্যবস্থা বন্ধ রাখতে কমিশনকে ব্যবস্থা নিতে হবে।
সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী সম্পা বসু অভিযোগ করেন, নির্বাচন কমিশনের মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছে। এ জন্য তারা নারী প্রার্থীদের জন্য শিলপাটা, মুলা, খাঁচার মতো অদ্ভুত সব প্রতীক বরাদ্দ রেখেছে।
প্রার্থীদের বক্তব্যের পর সিইসি কাজী রকিব বক্তব্য দেন। তিনি বলেন, কোনোভাবেই ভোটকেন্দ্রে বেআইনি কাজ করতে দেওয়া হবে না। নির্বাচন ঘিরে পেশিশক্তি ও কালোটাকার মতো অপশক্তি রুখতে কাজ করা হচ্ছে। কারও মুখ চিনে কমিশন কোনো ব্যবস্থা নেবে না। যে-ই অপরাধী হোক তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রার্থীদের নানা অভিযোগের জবাবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ অনুরাগ ও বিরাগের বশবর্তী না হয়ে শতভাগ নিরপেক্ষ ও সম্পূর্ণ পেশাদারি নিয়ে কাজ করবে। এর কোনো ব্যত্যয় হবে না। কোনো নিরীহ লোক ও প্রার্থীকে হয়রানি করা হবে না। তিনি পুলিশকে সতর্ক করে বলেন, যদি কোনো পুলিশ সদস্য এমনটা করে তবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার হবে। এর দায় পুলিশ বাহিনী নেবে না। তিনি বলেন, ২৮ এপ্রিল ভোটের দিন ঢাকাকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে।
ঢাকা দক্ষিণের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের স্থান উত্তর সিটি করপোরেশনের এলাকাভুক্ত হওয়ায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। জবাবে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম রসিকতা করে বলেন, ‘এই জায়গাটি উত্তর ও দক্ষিণের মধ্যবর্তী স্থানে। অনেকটা ‘নো ম্যানস ল্যান্ডের অবস্থান। কমিশন নিরপেক্ষ স্থান বেছে নিয়েছে।’
গত শনিবার চট্টগ্রাম ও রোববার ঢাকা উত্তরের প্রার্থীদের সঙ্গে অনুরূপ মতবিনিময় করে নির্বাচন কমিশন। রোববার ঢাকা উত্তরে মতবিনিময় সভায় মেয়র প্রার্থীদের অনেকে বক্তব্য দিয়ে সভাস্থল ত্যাগ করেন। তাঁরা সিইসির বক্তব্য শোনেননি। এ জন্য গতকাল উত্তরের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ অনুষ্ঠানের শুরুতে সব প্রার্থীকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকাটা হলো সৌন্দর্য।’ তা ছাড়া গতকালের মতবিনিময় যেন দীর্ঘায়িত না হয় সে জন্য নির্বাচন কমিশনারাও বক্তব্য সংক্ষিপ্ত করেন।
কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী, ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ বক্তব্য দেন।