অনেকের খায়েশ গাড়িতে পতাকা টাঙাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেকের খায়েশ আছে গাড়িতে পতাকা টাঙাবেন। তাঁদের বলব, রাজনীতিতে আসেন। ভোটের মাধ্যমে খায়েশ পূরণ করতে পারেন।’ তিনি বলেন, ‘তাঁদের খায়েশ পূরণ করতে গিয়ে যেন গণতন্ত্র ধ্বংস না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’ গতকাল গণভবনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তৃতা সাংবাদিকদের জন্য উম্মুক্ত ছিল। পরে জেলা নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। আওয়ামী লীগের সভানেত্রী বলেন, এক-এগারোর অবস্থা আবার আসুক তা তিনি চান না। তাঁর চাওয়া দেশটা গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠবে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেবে। তিনি বলেন, এ সরকারের আমলে জাতীয় সংসদের উপনির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায়ের পাঁচ হাজারেরও বেশি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভবিষ্যতেও সব নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে।যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমে বিরোধী দল বাধা সৃষ্টি করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে—এটা তাদের পছন্দ না। তারা যুদ্ধাপরাধীদের গাড়িতে লাখো শহীদের রক্তে অর্জিত জাতীয় পতাকা দিয়েছিল। এখন বিএনপির খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। এ জন্য, তারা বিভিন্ন কলাকৌশল করবে। জনগণকে কলাকৌশল সম্পর্কে সজাগ থাকতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে এসে জনগণের কল্যাণমুখী অনেক কাজ করেছি। এখন আর কেউ ভাত চায় না। এখন সবাই বিদ্যুৎ আর রাস্তা চায়।’জেলার ছয়টি সংসদীয় আসনের সাংসদ, জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিটি ইউনিট থেকে একজনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। দলের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী সভা পরিচালনা করেন। বৈঠক সূত্র জানায়, জেলা নেতারা দিনাজপুর-৬ আসনের সাংসদ আজিজুল হকের বিরুদ্ধে নেতা-কর্মীদের মূল্যায়ন না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ আনেন। প্রধানমন্ত্রী নেতা-কর্মী ও সাংসদের ভুল-বোঝাবুঝি নিজ উদ্যোগে নিরসনের নির্দেশ দেন।বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ও সতীশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু প্রমুখ।