অনেকের জন্য আজ মাতম দিবস: অলি

এলডিপির সভাপতি অলি আহমদ বলেছেন, বিজয় দিবসটি সবচেয়ে খুশির। কিন্তু সমগ্র দেশ আজ রক্তাক্ত। অনেকের জন্য আজ বিজয় দিবস। অনেকের জন্য মাতম দিবস। দেশের বিভিন্ন জায়গায় অনেকে আজ জানাজা পড়ছেন।
আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় অলি আহমদ এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করা হয়।
বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অলি আহমেদ। চলমান সহিংসতায় সরকারের কঠোর অবস্থানের সমালোচনা করে অলি আরও বলেন, সরকার প্রতিনিয়ত মানুষ মারছে। কোথাও ন্যায়বিচার নেই। মানুষের ঘরে ফেরার নিশ্চয়তা নেই। আগামী দিনে এসব নিহতের ঘটনায় হত্যা মামলা হবে বলেও হুঁশিয়ার করেন বিএনপি জোটের শরিক দলের এই নেতা। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের উদ্দেশে তিনি বলেন, সংসদ সদস্যপদ গ্রহণ করলে এখন জনগণ এরশাদকে জুতা মারবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার বলেন, ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী জয়ী হচ্ছেন। তাঁরা জনগণের নির্বাচিত প্রতিনিধি নন। বিনা ভোটে নির্বাচিত সরকারের প্রতি জনগণের আনুগত্য থাকে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, হাফিজ উদ্দিন প্রমুখ আলোচনায় অংশ নেন।