অনেকের জন্য আজ মাতমের দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, বাঙালি জাতির জন্য সবচেয়ে খুশির দিন বিজয় দিবস। কিন্তু সমগ্র দেশ আজ রক্তাক্ত। এবারের বিজয় দিবস অনেকের জন্য মাতমের দিবস। দেশের বিভিন্ন জায়গায় অনেকে আজ জানাজা পড়ছেন।

গতকাল সোমবার বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অলি আহমদ এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এ আলোচনার আয়োজন করা হয়।

সারা দেশে চলমান সহিংসতায় সরকারের কঠোর অবস্থানের সমালোচনা করে অলি আহমদ বলেন, সরকার প্রতিনিয়ত মানুষ মারছে। কোথাও ন্যায়বিচার নেই। মানুষের ঘরে ফেরার নিশ্চয়তা নেই। ভবিষ্যতে এসব ঘটনায় হত্যা মামলা হবে বলে সরকারকে হুঁশিয়ার করেন ১৮-দলীয় জোটের শরিক এই নেতা।

অলি আহমদ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে উদ্দেশ করে বলেন, সংসদ সদস্য পদ গ্রহণ করলে এখন জনগণ এরশাদকে জুতা মারবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ও তার জোটের শরিক দলের নেতারা জয়ী হচ্ছেন। তাঁরা জনগণের নির্বাচিত প্রতিনিধি নন। বিনা ভোটে নির্বাচিত সরকারের প্রতি জনগণের আনুগত্য থাকে না।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, হাফিজ উদ্দিন প্রমুখ।