অনেকের হোল্ডিং ট্যাক্স বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্সে সমতায়নের কাজ শুরু করেছে। ১৯৮৯-৯০ সালের পরে কর সমতায়ন না করা এবং ২০০৮ সালে কর বাড়ানোয় করদাতাদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে। সমতায়নের মাধ্যমে পুরোনো হারে নির্ধারণ করা বাড়ির মালিকদের কর বাড়িয়ে নতুনদের সমান করা হবে, ফলে রাজধানীর অনেক বাড়ির মালিকের কর বাড়বে।
ইতিমধ্যে হোল্ডিং ট্যাক্স সমতায়নের জন্য বেশ কিছু এলাকার বাড়ির মালিকেরা সিটি করপোরেশন থেকে চিঠি পেয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাড়ির মালিক জানান, চলতি অর্থবছরের বাজেট অনুষ্ঠানে মেয়রদ্বয় হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না বলে ঘোষণা দেন। কিন্তু নতুন করে কর সমতায়ন করার উদ্দেশ্য কী, তা তাঁদের কাছে স্পষ্ট নয়।
দুই সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ১৯৮৯-৯০ সালে সর্বশেষ সাধারণ কর হার নির্ধারণ করা হয়েছিল। এরপর ২০০৩ ও ২০০৮ সালে দুই দফায় কিছু কর বাড়ানো হয়। এই বর্ধিত কর শুধু ২০০৩ ও ২০০৮ সালের পরে নিবন্ধিত নতুন হোল্ডিং মালিকদের দিতে হচ্ছে। আবার অনেক বাড়ির মালিক এখনো ১৯৮৯-৯০ সালের ধার্য কর দিচ্ছেন। বর্তমানে তিন মাত্রায় হোল্ডিং ট্যাক্স নেওয়ায় বৈষম্য দেখা দিয়েছে। এতে একই এলাকায় পাশাপাশি ভবন মালিকের একজনকে অন্যজনের চেয়ে বেশি কর দিতে হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৯৮৯ সালে কর সমতা হয়েছিল। অনেকে সে হারেই কর দিচ্ছেন। আবার ২০০৮ সালের পরে যাঁরা হোল্ডিংয়ের মালিক হয়েছেন, তাঁদের নতুন হারে কর দিতে হচ্ছে। নিয়ম পাঁচ বছর পরপর কর সমতা করা, কিন্তু তা হয়নি। ২০০৮ সালের আগে যাঁদের কর মূল্যায়ন হয়েছিল, এবার তাঁদের কর বাড়বে।
রাজস্ব বিভাগ সূত্র জানায়, মিউনিসিপ্যাল করপোরেশন (ট্যাক্সেশন) রুলস ১৯৮৬-এর পঞ্চবার্ষিকী সাধারণ মূল্যায়ননীতি অনুসারে প্রতি পাঁচ বছর পরপর মূল্যায়নের মাধ্যমে কর সমতায়ন করার কথা। ১৯৮৯-৯০ সালের পর তা করা হয়নি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ইতিমধ্যে উত্তরা এলাকায় কর সমতায়নের লক্ষ্যে জরিপ শেষ করেছে। কয়েক দিনের মধ্যে গুলশান এলাকায় জরিপ শুরু হবে বলে জানা গেছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ ধানমন্ডি ও মতিঝিল এলাকায় ২ অক্টোবর থেকে কর জরিপ শুরু করেছে।
ধানমন্ডি এলাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বর্তমানে যে হারে কর দিচ্ছি, সমতায়নের ফলে তার দ্বিগুণের বেশি দিতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন যা বেড়েছে, তার পুরোটাই চলে যাবে হোল্ডিং ট্যাক্স দিতে। বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত।’
দুই সিটির কর সমতায়নের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। গত ১৭ ও ২০ জুলাই হোল্ডিং ট্যাক্স সমতায়নের বিষয়ে নাগরিকদের নোটিশ দেয় ঢাকার দুই সিটি করপোরেশন। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তর সিটি করপোরেশনের নাগরিক নাসিম জামান ও দক্ষিণ সিটি করপোরেশনের পারভীন হাসান গত আগস্ট মাসে হাইকোর্টে রিট আবেদন করেন। গত ৯ আগস্টে আদালত সিটি করপোরেশনের নোটিশের কার্যকারিতা স্থগিত করে আদেশ দেন এবং একই সঙ্গে ওই নোটিশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। এ আদেশ প্রাথমিকভাবে শুধু রিটকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
রিটে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ করা হয়। মিউনিসিপ্যাল করপোরেশন (ট্যাক্সেশন) রুলস ১৯৮৬ আইনটি ২০০৯ সালে বাতিল হয়ে যায়। নতুন আইনে ট্যাক্স আদায়ে কোনো বিধান রাখা হয়নি। কিন্তু নাগরিকদের পুরোনো আইন অনুযায়ী নোটিশ দেওয়া হয়। যার কোনো আইনি ভিত্তি নেই।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের আইনে বলা আছে বিলুপ্ত আইনের প্রণীত বিধি, প্রবিধান সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ফলে মিউনিসিপ্যাল করপোরেশন (ট্যাক্সেশন) রুলস ১৯৮৬ আইন মোতাবেক নোটিশ দিতে ও কর সমতায়ন করতে কোনো বাধা নেই।