যথাযথ নজরদারির অভাবে চুয়াডাঙ্গায় মাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষার্থী শ্রেণীকক্ষে অবাধে মুঠোফোন ব্যবহার করছে। মুঠোফোনে পর্নোগ্রাফি আদান-প্রদানের পাশাপাশি নিজেদের দৈহিক মেলামেশার চিত্র ধারণের পর তা মুঠোফোনে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।
এমনকি কোনো কোনো শিক্ষকও এমন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ আছে। এসব ঘটনায় অভিভাবকেরা সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
দামুড়হুদা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর চার ছাত্র-ছাত্রীর শ্রেণীকক্ষে শারীরিক মেলামেশার ছবি মুঠোফোনে ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকেরা অস্বস্তিতে পড়েন। ২ অক্টোবর বিষয়টি জানাজানি হলে দোষী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকালে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। বিকেলে বিদ্যালয় পরিচালনা পর্ষদ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসেন।
পরে এ ঘটনায় জড়িত চার ছাত্র-ছাত্রী ও তাদের পাঁচ সহযোগী দোষ স্বীকার করলে তাদের বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
দামুড়হুদার একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে তাঁর স্ত্রী একই বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলেছেন। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিস হয়েছে। বিষয়টি পরে থানা পর্যন্ত গড়িয়েছে। অভিভাবকেরা ঘটনা তদন্তের দাবি করেছেন।
জেলার অন্য কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়েও এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরুর দিকে চুয়াডাঙ্গার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকাকে মুঠোফোনে দীর্ঘদিন উত্ত্যক্ত করায় নবম শ্রেণীর এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়। সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও মুঠোফোন নিয়ে বিদ্যালয়ে যাওয়ার প্রবণতা বেড়ে চলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করেন, স্কুলে বসেই অনেক ছাত্রী বাইরে মুঠোফোনে কথা বলে। নিজেদের মধ্যে অশ্লীল ছবি ও ভিডিও বিনিময় করে। মা-বাবা মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার পর কৌশলে তারা বাইরে চলে যাচ্ছে। বিষয়টি খুবই উদ্বেগজনক।
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক জানান, মেয়ের কয়েকজন সহপাঠীর অস্বাভাবিক আচরণে তিনি বাধ্য হয়েই নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে হয়ে বিয়ে দিয়েছেন।
সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন বলেন, ‘ছাত্রীদের বিদ্যালয়ে মুঠোফোন আনতে নিষেধ করা হয়েছে। বিষয়টি তদারকির জন্য শিক্ষকদেরও নির্দেশ দেওয়া হয়েছে।’ চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান সমস্যাটি ভয়াবহ উল্লেখ করে বলেন, ‘এ জন্য অভিভাবকদের সচেতন হতে হবে, বিদ্যালয় কর্তৃপক্ষকে নজরদারি বাড়াতে হবে এবং রাষ্ট্রীয়ভাবেও উদ্যোগ নিতে হবে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘মাঝেমধ্যে বিদ্যালয়ে পরিদর্শনে গেলে এবং বিভিন্ন সভা-সেমিনারে মুঠোফোনের অপব্যবহার ও কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বক্তব্য দিই।’