অনৈতিক সম্পর্কে জড়ানোয় এসআইকে প্রত্যাহার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানার এক উপপরিদর্শককে (এসআই) গত মঙ্গলবার রাতে আটক করা হয়েছে। পরে তাঁকে প্রত্যাহার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের একটি ফ্ল্যাট থেকে মাইনুল ইসলাম নামের ওই এসআইকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে গৃহবধূর স্বামীকে হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

জানতে চাইলে গৃহবধূর স্বামী প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের একমাত্র ছেলে নগরের একটি স্কুলে পড়ে। এ জন্য তাঁরা ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন। দুই বছর আগে এসআই মাইনুলের সঙ্গে তাঁর স্ত্রীর পরিচয় হয়। এই সূত্র ধরে এই পুলিশ কর্মকর্তা তাঁর অবর্তমানে বাসায় আসা-যাওয়া শুরু করেন। একপর্যায়ে তিনি তাঁকে বাসায় আসতে বারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাইনুল তাঁকে হুমকি দেন। বিষয়টি তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। গত মঙ্গলবারও এসআই মাইনুল এই বাসায় যান। বিষয়টি তাঁর শিশুপুত্র তাঁকে জানায়। তিনি রাতে এসে ফ্ল্যাটের বাইরে তালা দেন এবং আশপাশের লোকজন ও পুলিশে খবর দেন। পুলিশ রাত সাড়ে ১০টার দিকে মাইনুলকে আটক করে। এ সময় মাইনুল তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।

গতকাল বিকেলে গৃহবধূর স্বামী আরও বলেন, এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় মামলা করবেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ওই নারীর সঙ্গে এসআই মাইনুলের অনৈতিক সম্পর্কের বিষয়ে এক বছর আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিক ও লিখিতভাবে অবহিত করা হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বলেন, ‘এর আগে এসআই মাইনুলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল—এমন তথ্য আমার জানা নেই। তবে গতকাল নৈতিক অবক্ষয়ের অভিযোগে মাইনুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’