অনৈতিক সুবিধা না পাওয়ায় ক্ষোভ?
অনৈতিক সুবিধা না পেয়েই সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণেই গত বুধবার তাঁরা আকস্মিক প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে অধ্যক্ষসহ জ্যেষ্ঠ শিক্ষকদের লাঞ্ছিত করেন।
এ ঘটনায় শিক্ষকেরা বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা আজ শুক্রবার বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের ডাক দিয়েছে।
প্রতিষ্ঠানটির শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, এম এ মালেক ও সালেহ আহমদসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য নবম শ্রেণীতে অনুত্তীর্ণ কিছু শিক্ষার্থীকে দশম শ্রেণীতে নিতে কয়েক মাস ধরে চাপ প্রয়োগ করে আসছেন। এর আগেও তাঁরা ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রকে ভর্তির জন্য বিদ্যালয়ের শিক্ষকদের চাপ প্রয়োগসহ অসৌজন্যমূলক আচরণ করেন। এসব কারণে অধ্যক্ষের সঙ্গে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দূরত্ব তৈরি হয়।
বিদ্যালয়টির এক শিক্ষিকা বলেন, ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য নোংরা ভাষায় শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছেন। লাথি দিয়ে ও ঘাড় ধরে বিদ্যালয় থেকে বের করে দেওয়ারও হুমকি দিয়েছেন তাঁরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ মালেক। তিনি বলেন, ‘অনৈতিকভাবে কোনো শিক্ষার্থীকে ওপরের শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়ার কোনো সুপারিশ আমরা করিনি। বরং তিনিই (অধ্যক্ষ) অকৃতকার্য ২০ শিক্ষার্থীর মধ্যে সাতজনকে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে নিয়েছেন। ’ ব্যবস্থাপনা কমিটির আরেক সদস্য সালেহ আহমদ বলেন, ‘আমরা কোনো অসৌজন্যমূলক আচরণ করিনি। আমাদের অবরুদ্ধ করে রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা লিখিত অভিযোগ করব।’
অধ্যক্ষ হোসনে আরা বলেন, ‘ভর্তি-বাণিজ্য নিয়ন্ত্রণসহ অনুত্তীর্ণ শিক্ষার্থীকে উত্তীর্ণ করে দেওয়ার জন্য তাঁরা দীর্ঘদিন ধরেই চাপ প্রয়োগ করে আসছিলেন। অনৈতিক সুবিধা না পেয়েই ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জ্যেষ্ঠ শিক্ষকসহ আমার ওপর চড়াও হয়েছিলেন। জেলা প্রশাসকের কাছে ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছি।’