বগুড়ার বক্ষব্যাধি হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগের মধ্যে ব্যবধান প্রায় ছয় কিলোমিটার। এ কারণে এই হাসপাতালে কোনো রোগী ভর্তি হলে অন্তর্বিভাগ ও শয্যার খুঁজে এ দূরত্ব পাড়ি দিতে হয়। তাঁদের পোহাতে হয় দুর্ভোগ।
বহির্বিভাগ (বক্ষব্যাধি ক্লিনিক) ও অন্তর্বিভাগ (বক্ষব্যাধি হাসপাতাল) তত্ত্বাবধান করেন রবীন্দ্রনাথ মিত্র নামের একজন কনসালট্যান্ট। তিনি বলেন, দুই বিভাগ সমন্বয় করতে সমস্যা হয়। প্রতি মাসে কমপক্ষে পৌনে ২০০ জটিল যক্ষ্মা রোগী এখানে কফ পরীক্ষার জন্য আসেন। পরীক্ষার সব রিপোর্ট দেখতে হয়। প্রশাসনিক কাজ করতে হয়। এক দিনে ক্লিনিক ও হাসপাতালে কাজ করতে গেলে যাতায়াতেই দিন পার হয়ে যায়। এ কারণে শুধু শনিবার সারা দিন তিনি বক্ষব্যাধি হাসপাতালে কাজ করেন। তিনি আরও বলেন, বহির্বিভাগ ও অন্তর্বিভাগ একত্র করার জন্য বহু দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি চালাচালি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এসেছিলেন তদন্তে। কিন্তু সমস্যার সমাধান হয়নি।
গত ২৪ মে হাসপাতাল চত্বরে কথা হয় চিকিৎসা নিতে আসা শিহাব আহমেদের সঙ্গে (২২)। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র। শিহাব বলেন, ‘যক্ষ্মা ধরা পড়ার পর তিন মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি আছি। এ সময়ের মধ্যে অন্তত ১০ দফা হাসপাতালের বহির্বিভাগ থেকে অন্তর্বিভাগে যাতায়াত করতে হয়েছে। চিকিৎসা হাসপাতালে নিলেও ভর্তি ও ছাড়পত্র নিতে এখানেই আসতে হয়। সময় অপচয় ও যানজটের ভোগান্তির কথা বাদ দিলে ঠনঠনিয়া থেকে উপশহরে যাতায়াত করতে শুধু রিকশা ভাড়াই গুনতে হয়েছে অন্তত এক হাজার টাকা।’
এক্স-রে মেশিনটি নষ্ট: এই বক্ষব্যাধি ক্লিনিকে প্রতিদিন বগুড়া ছাড়াও জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও নাটোর জেলা থেকে জটিল যক্ষ্মা রোগী আসেন ল্যাবে কফ পরীক্ষাসহ নানা সেবা নিতে। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, একটিমাত্র এক্স-রে মেশিন ২০০৮ সালের পর থেকে নষ্ট। প্রতিদিন কফ পরীক্ষার জন্য জটিল যক্ষ্মা রোগী আসেন গড়ে ২০০ জন। অথচ ল্যাবের জিন এক্সপার্ট যন্ত্র চারটি মডিউলের দুটি দীর্ঘদিন নষ্ট থাকায় প্রতিদিন ৮০ থেকে ১০০ রোগীর কফ পরীক্ষা করা সম্ভব হয়।
চিকিৎসক মাত্র একজন: গত ২৪ মে বেলা সাড়ে ১১টা। বগুড়া উপশহর এলাকায় ২০ শয্যার হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসকদের কক্ষে তালা ঝুলছে। অন্তর্বিভাগে তখন রোগীদের সেবা দিচ্ছিলেন চিকিৎসা কর্মকর্তা তানজিলা সুলতানা। রোগী দেখা শেষে কক্ষে এলে কথা হয় তাঁর সঙ্গে। তানজিলা বলেন, এ হাসপাতালে গড়ে ১৫ থেকে ১৬ জন রোগী ভর্তি থাকেন। অথচ চিকিৎসা কর্মকর্তার পদ রয়েছে মাত্র দুটি। এর মধ্যেও গত নভেম্বর থেকে একটি পদ শূন্য। এ কারণে রোগী সামলানো, খাবার-পথ্য তত্ত্বাবধান, দাপ্তরিক কর্ম সবকিছুই তাঁকে সামলাতে হয়। তা ছাড়া ভর্তি ও ছাড়পত্র দুটোই ছয় কিলোমিটার দূরের কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হওয়ায় সমস্যা আরও বেশি হয়। এখানে ভর্তি হওয়া রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য যেতে হয় বক্ষব্যাধি ক্লিনিকে। রোগী ও চিকিৎসকের স্বার্থেই বহির্বিভাগ ও অন্তর্বিভাগ একসঙ্গে হওয়া দরকার।
হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি ধুনট ও কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রেষণে এখানে আরও দুজন চিকিৎসা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তবে তাঁরা হাসপাতালে আসেন ইচ্ছামতো।
বগুড়ার সিভিল সার্জন অর্ধেন্দু দেবনাথ বলেন, বক্ষব্যাধি ক্লিনিক ও হাসপাতাল দুই জায়গায় হওয়ায় রোগীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে, এটা সত্য। এ জন্য উপশহরে ২০ শয্যার হাসপাতালকে পূর্ণাঙ্গ অ্যাজমা হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু অজ্ঞাত কারণে সেই সিদ্ধান্ত ঝুলে আছে।