অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের জন্য 'আপনজন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের জন্য বিনা মূল্যে ‘আপনজন সেবা’ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ গতকাল শনিবার সকাল ১০টায় পৌর সম্মেলন কক্ষে ‘আপনজন অ্যাপস’ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জুনাইদ আহমেদ বলেন, দেশে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে আপনজন অ্যাপস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি এ উদ্যোগের জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ডিনেট’কে স্বাগত জানান।
অনুষ্ঠানে জানানো হয়, আপনজন অন্তঃসত্ত্বা ও শিশুর স্বাস্থ্যবিষয়ক মুঠোফোনভিত্তিক তথ্য সার্ভিস। এ অ্যাপস ফোনকল বা খুদে বার্তার মাধ্যমে গর্ভাবস্থা বা শিশুর বয়স অনুযায়ী সহজবোধ্য ভাষায় প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেয়। জরুরি এ তথ্য মায়ের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের পাওয়ার ব্যবস্থা রয়েছে। যেকোনো মুঠোফোন থেকে ১৬২২৭ নম্বরে কল করে আপনজন সেবায় নিবন্ধন করা যায়। এ সেবায় সপ্তাহে দুটি তথ্য মা এবং একটি তথ্য অভিভাবকের কাছে যায়। এর প্রতিটির সেবামূল্য দুই টাকা।
এতে আরও জানানো হয়, মুঠোফোনের মাধ্যমে স্বাস্থ্য তথ্যসেবা আপনজন কার্যক্রমের আওতায় উপজেলাটির প্রথম ৫০০ জন গর্ভবতী ও প্রসূতি আপনজন সেবা নিতে পারবেন।